ঈদের জামাত শেষে ক্রীড়াঙ্গনে উন্নয়নের বার্তা প্রতিমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার

ঈদের জামাত শেষে ক্রীড়াঙ্গনে উন্নয়নের বার্তা প্রতিমন্ত্রীর

ত্যাগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। এরই অংশ হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ঈদের নামাজ আদায় করেছেন রাজধানীর মিরপুর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে। বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে হাজারো মুসল্লির সঙ্গে অংশ নেন তিনি।

ঈদের জামাত ঘিরে পুরো এলাকায় ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী এবং দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বক্তব্যে আমিনুল হক বলেন, ‘পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে আমি আমার প্রিয় দেশবাসী এবং ঢাকা-১৬ আসনের বাসিন্দাদের জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদের আনন্দ আমরা সবাই মিলেমিশে ভাগাভাগি করে নেব—এটাই আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ। পারস্পরিক আন্তরিকতা, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।’

তিনি আরও বলেন, ‘এই পবিত্র দিনে আমরা যদি মানবিকতা ও আন্তরিকতার চর্চা করি, তাহলে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সব সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বদেরও জানাই ঈদের শুভেচ্ছা। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই।’

ঈদের জামাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: