অ্যাটলেটিকোকে হারিয়ে বায়ার্নের দাপট

অ্যাটলেটিকোকে হারিয়ে বায়ার্নের দাপট

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর ঠিকই নিজেদের শক্তির জানান দিয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল ও কনরাড লাইমার। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল বায়ার্ন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে মেট্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল সফরকারীরা। তবে দিয়েগো সিমিওনের শিষ্যদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। প্রথমার্ধে হ্যারি কেইন ও কার্ল কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি। পাল্টা আক্রমণে অ্যাটকেটিকোও বিপজ্জনক হয়ে উঠেছিল, যদিও বিরতির আগে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। ৫৪ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ কার্ল। অ্যাটলেটিকোর ডিফেন্ডার রবিন লে নরমঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করেন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে অ্যাটলেটিকো। কিন্তু বায়ার্নের রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকেরা। ৭৪ মিনিটে হ্যারি কেইনের দারুণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাইমার। এরপর ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি মাদ্রিদের দলটি।

এই জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট হলো বায়ার্নের। চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। অন্যদিকে ঘরের মাঠে হারলেও অ্যাটলেটিকোর সামনে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। তবে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে তাদের পরের ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর সুযোগ কম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন