মেজর সকার লিগ (এমএলএস) সম্পর্কে কজনই বা খবর রাখতেন? ফুটবলপ্রেমীদের এ নিয়ে তেমন একটা কৌতূহল ছিল না বলাই চলে। সেখানে ইন্টার মিয়ামি নিয়ে কারো কোনো আগ্রহই থাকার কথা নয়। ছিলও না তেমন একটা। ডেভিড বেকহ্যামের ক্লাব বলেই ফ্লোরিডার ক্লাবটি কিছুটা হলেও চেনা-জানা ছিল অনেকের কাছে। কিন্তু লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতেই পরিস্থিতি পাল্টে গেছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সঙ্গে এখন মার্কিন ফুটবল লিগ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই!
আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জন্য ইন্টার মিয়ামি এখন ক্রীড়া অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ক্লাবটির সমর্থকও বেড়েছে। জনপ্রিয়তার সঙ্গে বেড়েছে আয়ও। নিজেদের শোকেসের ধুলা মুছে ক্লাবটি জায়গা করে দিয়েছে সাপোর্টার্স শিল্ডের জন্য। যেটা তাদের প্রথম কোনো উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি। লিগ কর্তৃপক্ষের ইনকাম বেড়েছে। মিয়ামির বিপক্ষে ম্যাচ থাকা মানেই ‘পোয়া বারো’। প্রতিপক্ষের টিকিট কাটতি বেড়ে যায়। বেড়ে যায় টিকিটের দামও।
কিন্তু দুশ্চিন্তা ভর করেছে ইন্টার মিয়ামি ক্লাবটির সবার ওপর। কেননা, একে তো এবারের মৌসুমে দলটির পারফরম্যান্স ভালো হচ্ছে না; তার ওপর মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুমেই। কিন্তু তার নতুন চুক্তি নিয়ে আসছে না কোনো সুখবর। ক্লাবটির অনেকের মধ্যে চাপা উদ্বেগ কাজ করছে। তাদের এখন একটাই প্রশ্নÑ মেসি থাকছেন তো? সবার মনের উৎকণ্ঠা দূর করতে কোচ হ্যাভিয়ের মাচেরানো চাচ্ছেন, মেসির চুক্তি নবায়ন করার প্রক্রিয়াটা যেন যত দ্রুত সম্ভব শেষ হয়ে যায়।
মেসির চুক্তি নিয়ে এখনো স্পষ্ট কোনো কিছু জানা যায়নি। তবে ইন্টার মিয়ামির ফুটবল গুরুর প্রত্যাশা- খুব দ্রুতই আসবে ভালো কোনো খবর, ‘কোচ হিসেবে অবশ্যই চাই যত দ্রুত সম্ভব মেসি যেন নতুন চুক্তিতে সই করে এবং যতটা দ্রুত সম্ভব খবরটি যেন আমরা জানতে পারি। সবকিছুর ওপরে সমর্থকদের প্রশান্তি, ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সবকিছু ও সবার স্থিরতা।’
মিয়ামির পারফরম্যান্সটা ঠিক ভালো যাচ্ছে না এখন। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সবশেষ ৭ ম্যাচের মধ্যে ‘জয়’ নামক সোনার হরিণ ধরা দিয়েছে মাত্র একটিতে। হার মেনেছে ৫টিতেই। কোচ বলছেন, ‘আত্মবিশ্বাসে ফাটল ধরায় মাঠের পারফরম্যান্সের এমন বাজে হাল। সপ্তাহজুড়ে আমরা আরো তীব্র ও দীর্ঘ অনুশীলন সেশন করব। আমাদের যেটা বিবেচনায় নিতে হবে, তা হলো আত্মবিশ্বাস ঝালাই করতে হবে। কারণ, টিম খানিকটা বিশ্বাস হারিয়ে ফেলেছে।’
মাঠের লড়াইয়ে এখন ঘুরে দাঁড়াতে চান মাচেরানো। কাটিয়ে উঠতে চান খারাপ সময়টা, ‘ফুটবলে মনস্তাত্ত্বিক ব্যাপারটিও খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কেউ প্রচুর অনুশীলন করতে পারে, কিন্তু সত্যিকারের ম্যাচে কে কীভাবে নিজেকে মেলে ধরছেÑ সেটিই আসল। আমরা ছেলেদের সঙ্গে কথা বলেছি। খারাপ সময় কাটিয়ে ওঠা ও উন্নতি করা এবং এ সময়টাকে নিয়ন্ত্রণ করেই এখন আমাদের কাজ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

