আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সিঙ্গাপুরের মাঠে। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন তারা। এ ম্যাচ সামনে রেখে আগামী ১৬ মার্চ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে। তবে এ ক্যাম্পে যোগ দিচ্ছেন না দেওয়ান হামজা চৌধুরী।
সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী এ মিডফিল্ডার। আন্তর্জাতিক বিরতির আগে ২১ মার্চ ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে শেষ ম্যাচ খেলবেন হামজা। এ ম্যাচ খেলেই ২২ মার্চ জাতীয় দলে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভিয়েতনামের বিমান ধরবেন এ তারকা ফুটবলার।
এরই মধ্যে বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ হোম ও অ্যাওয়ে মিলে মোট পাঁচটি ম্যাচ খেলেছে। তবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। যদিও গত নভেম্বরের ঘরের মাঠে ভারতকে ১-০ গোলে হারায় হামজা, জামালরা। এর আগে ভারতের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এছাড়া হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও ১-১ গোলে ড্র করে তারা।
ফলে একটি জয় ও দুটি ড্রয়ে টেবিলে ৫ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের জার্সিধারীরা। গ্রুপে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য নিছক আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচে ভালো কিছু করতে পারলে ফিফা র্যাংকিংয়ে উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের। তাই সিঙ্গাপুর ম্যাচটি বাড়তি গুরুত্ব দিয়েই খেলবে কোচ হাভিয়ের কাবরেরার দল।
জাতীয় ফুটবল দলের ক্যাম্প হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। হামজা প্রস্তুতি ক্যাম্পে অনুপস্থিত থাকলেও কানাডা প্রবাসী শমিত সোম প্রথম দিন থেকেই থাকবেন। তাছাড়া প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ, ফাহামিদুল ইসলাম ও তারিক কাজীরা ক্যাম্পের শুরু থেকে থাকছেন। বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ৩০ ফুটবলার নিয়ে শুরু হবে ক্যাম্প।
এরপর সেখান থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল গঠন করবেন কোচ কাবরেরা। সেই দলটিই ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলতে যাবে। তাই ঈদের আগেই ক্যাম্পে ফুটবলারদের ডাকা হচ্ছে। ভিয়েতনাম ম্যাচের পর কোচ কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ হবে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

