মেয়াদ শেষে আর কাজ করবেন না এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়া বিসিবি পরিচালক হওয়ায় নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন আব্দুর রাজ্জাক। ফলে দুজন নির্বাচকের খোঁজে ছিল বিসিবি। দুই পদের বিপরীতে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেছিলেন। এর মধ্যে আজ সাক্ষাৎকার দিয়েছেন ১৫ জন। এদের মধ্যে থেকে শর্ট লিস্ট করা হয়েছে কয়েকজনকে। কাকে কাকে এ তালিকায় রাখা হয়েছে সেটা জানা যায়নি।
আজ বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ, তিন পরিচালক আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট ও নাজমুল আবেদিন ফাহিম এ সাক্ষাৎকার নেন। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সাক্ষাৎকার শেষে প্রধান নির্বাচকের পদে এগিয়ে আছেন হাবিবুল বাশার সুমন। এর আগে তিনি নির্বাচক প্যানেলের দায়িত্বে ছিলেন। ফলে তাকেই প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিতে বেশি আগ্রহী বিসিবি। তার সঙ্গে নতুন করে আর কে দায়িত্ব পাবেন সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে। সেই সিদ্ধান্তের পর বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ সিদ্ধান্ত নিবে কে পেতে যাচ্ছেন এ দায়িত্ব। আগে থেকেই নির্বাচকের দায়িত্ব পালন করছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

