আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৯ মার্চ ১৬৪ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

২৯ মার্চ ১৬৪ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বের ছাপ রাখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে জাতীয় পর্যায়ের ৫০০ জন অ্যাথলেটকে স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার পল্লবীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এমন আশার খবর দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক মাসে ফুটবল, ক্রিকেট ও প্যারা অলিম্পিকের মতো বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে যারা দেশের জন্য গৌরব বয়ে এনেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেই সব সফল ক্রীড়াবিদদের হাতে সম্মাননা তুলে দেবেন।

সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আমিনুল হক বলেন, ‘আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছি, তার অংশ হিসেবে ৫০০ জনের একটি তালিকা করে তাদের বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। ২৯শে মার্চ যে ১৬৪ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হবে, প্রাথমিকভাবে তাদের মাধ্যমেই এই বেতন প্রক্রিয়ার সূচনা হবে।’ তিনি আরও যোগ করেন, এতে করে তৃণমূল পর্যায়ে অভিভাবকরা তাদের সন্তানদের খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে উৎসাহিত হবেন।

তৃণমূল থেকে ক্রীড়াঙ্গনের নতুন প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী ঢাকার বাইরে একটি জেলা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনূর্ধ্ব ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে। ফুটবল ও ক্রিকেটসহ সব মিলিয়ে সাতটি ইভেন্টে এই প্রতিভা অন্বেষণ করা হবে।

দেশের ক্রীড়াঙ্গনের কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগগুলো মাইলফলক হিসেবে কাজ করবে বলে জানান প্রতিমন্ত্রী। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, আগামীতে জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে খেলোয়াড়দের আবেদন করতে হবে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি কমিটি সেরা খেলোয়াড়দের বাছাই করে পুরস্কৃত করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন