এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে আাগমী ৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ- এমনটাই জানালেন দলটির উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।
৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে এশিয়া কাপে অংশ নেবে। গ্রুপ ‘বি’তে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের বাকি ৩ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ।
১৩ সেপ্টেম্বর লিটন কুমার দাসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সোমবার (১৮ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘ইনশাআল্লাহ আমরা এশিয়া কাপে যাবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমার মতো দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বর্তমানে আমাদের দলে যে পরিবেশ আছে, সবাই পরিশ্রম করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব।’
পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়ে জাকের বলেন, ‘পাওয়ার হিটিং নিয়ে জুলিয়ান কাজ করে যাচ্ছে। কিভাবে, কোন জায়গায়, কতখানি উন্নতি করা যায় সেসব নিয়ে কাজ করছে।’
এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজটিতে দারুণ ক্রিকেট খেলার বার্তা দিলেন জাকের, ‘ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। আমাদের প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্যই মাঠে নামা উচিত। আমি যতটুকু জানি দলও চাইছে সব ম্যাচ জিততে। আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। সমান চেষ্টা থাকতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

