দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণভাগে বড় ধাক্কা। দীর্ঘ প্রতীক্ষার পর টেস্ট ক্রিকেটে ফিরলেও চোটের মিছিলে আবারও যোগ দিলেন আনরিখ নর্কিয়া। কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে খেলা হচ্ছে না এই গতি তারকার।
সেন্ট জর্জ’স পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বোলিং করার সময় বিপত্তি ঘটে। নিজের চতুর্থ ওভারের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন নর্কিয়া। এরপর আর মাঠে ফেরা তো দূরের কথা, ম্যাচের বাকি সময়টা ড্রেসিংরুমেই কাটাতে হয় তাকে। শেষ পর্যন্ত স্ক্যান ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সিরিজ নির্ধারণী ম্যাচে পাওয়া যাবে না তাকে।
এর আগে প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে ডারবানে সিরিজের প্রথম টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন নর্কিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে টানা ম্যাচ খেলাটা তার শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল, তা নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল। খোদ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও ম্যাচ শেষে স্বীকার করেছেন যে, নর্কিয়াকে টানা দুই ম্যাচ খেলানোর সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল। আর শেষ পর্যন্ত সেই ঝুঁকির চড়া মূল্যই গুনতে হলো প্রোটিয়াদের।
নর্কিয়ার চোট নিয়ে অবশ্য কিছুটা স্বস্তির খবরও মিলেছে। প্রাথমিক আশঙ্কার চেয়ে ইনজুরিটি কিছুটা কম গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে তার ঠিক কত দিন সময় লাগবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
এদিকে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি দুদলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করায় এই ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ফাইনালে।
নর্কিয়ার অনুপস্থিতিতে শেষ টেস্টের একাদশে পেস আক্রমণে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেরাল্ড কোয়েৎজি, অলরাউন্ডার করবিন বশ ও ডেন প্যাটারসন। এছাড়া কন্ডিশন ও ম্যাচের কৌশল অনুযায়ী বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্বামীকে নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

