শুরুতে প্রতিপক্ষকে পাত্তাই দিলেন না আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান কোকো গাউফ। জমজমাট লড়াইয়ে সেটটি টাই করেন যুক্তরাষ্ট্রের এ তারকা। তবে টাইব্রেকারে আর পেরে উঠলেন না গাউফ। দুরন্ত পারফরম্যান্সে শেষ হাসি হাসেন সাবালেঙ্কাই।
রোমাঞ্চকর কোর্টের লড়াইয়ে দাপট ধরে রেখে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতে নিয়েছেন এ বেলারুশ সুপারস্টার। ফাইনালে গাউফকে ৬-৩ ও ৭-৬ (৭-৩) গেমে জেতেন সাবালেঙ্কা।
শনিবার রাতের ফাইনালে হেসে-খেলে প্রথম সেট জিতে এগিয়ে যান সাবালেঙ্কা। ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা জেতেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখেন সাবালেঙ্কা। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে ৩-৩ গেমে সমতা নিয়ে আসেন গাউফ। প্রত্যাবর্তনের গল্প লিখে এক পর্যায়ে ৫-৩ গেমে এগিয়েও গিয়েছিলেন এ মার্কিন খেলোয়াড়।
তবে লড়াইয়ে আর টিকতে পারেননি। সেটটি হয়ে যায় ৭-৬ গেমে টাই। পরে টাইব্রেকারে আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। গাউফ হার মানেন ৩-৭ গেমে। শেষে চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসের জোয়ারে যেন ভেসে যান সাবালেঙ্কা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

