অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও ধারাবাহিক অস্থিরতার কারণেই পিছিয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট। বিশ্ব ক্রিকেটে নিজেদের পুরোনো ঐতিহ্য ও অবস্থান ফিরে পাওয়ার পথে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় শত্রু তারা নিজেরাই—এমনটাই মন্তব্য করেছেন দলটির সাবেক ব্যাটিং কোচ ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেন।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর পাকিস্তান ক্রিকেটে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। ম্যাচের পরপরই উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মোহাম্মদ আওয়াইস জাফরসহ সব মিলিয়ে ৭ জন ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে আমির জামাল ও আওয়াইস জাফরকে কোনো ম্যাচ না খেলিয়েই দেশে ফেরত পাঠানো হয়। শুধু খেলোয়াড়ই নয়, বোর্ডের রোষানলে পড়ে পদ হারিয়েছেন প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং সহকারী কোচ উমর গুলও।
পাকিস্তান ক্রিকেটের এই অস্থিতিশীল পরিবেশ নিয়ে ‘উইজডেন ক্রিকেট’ পডকাস্টে কথা বলেন ম্যাথু হেইডেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং কোচ এবং ২০২২ আসরে মেন্টর হিসেবে কাজ করা হেইডেন বলেন, 'পাকিস্তানের সঙ্গে কাজ করার সময়টা আমি সত্যি উপভোগ করেছি। কিন্তু পরিস্থিতির কিছুই বদলায়নি। পারফর্ম করার মনস্তাত্ত্বিক চাপের বাইরেও ওদের চারপাশে সবসময় অনেক কিছু ঘটতে থাকে। এমন এক পরিবেশ গড়ে ওঠে, যেখানে ক্রিকেটারদের পক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলা কঠিন।'
পাকিস্তানের অসীম ক্রিকেট প্রতিভার ভূয়সী প্রশংসা করে সাবেক এই অজি তারকা আরও বলেন, 'অ্যাথলেটিক ক্ষমতা ও স্বাভাবিক দক্ষতার দিক থেকে পাকিস্তানের প্রতিভার কোনো অভাব নেই। সমস্যা হলো, এই প্রতিভাকে কখনো সঠিকভাবে কাজে লাগানোর সুযোগই দেওয়া হয় না। সবসময় একটা বিশৃঙ্খলা লেগে থাকে, যার ফলে কোনো স্থির ভিত্তি তৈরি হয় না।'
হেইডেনের মতে, অভ্যন্তরীণ পরিবেশ শান্ত রাখা এবং ক্রিকেটারদের অযাচিত অস্থিরতা থেকে দূরে রাখাই এখন পাকিস্তান ক্রিকেটের প্রধান চ্যালেঞ্জ। তা না হলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পাকিস্তান দল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

