টস ভাগ্যে স্কুল ক্রিকেটের শিরোপা কুমিল্লা মডার্ন হাইস্কুলের

টস ভাগ্যে স্কুল ক্রিকেটের শিরোপা কুমিল্লা মডার্ন হাইস্কুলের

ফাইনালের শিরোপা নির্ধারণী মঞ্চ। উৎসবের আবহ চারদিকে। কিন্তু সব ভেস্তে দিলো বেরসিক বৃষ্টি। জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটি শুরুই হতে পারলো না। তাতে ট্রফির ফয়সালা হলো টস ভাগ্যে। আশাহতের বেদনা নিয়ে মাঠ ছাড়লো বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ভাগ্যকে পাশে পেয়ে শিরোপার উচ্ছ্বাসে মেতে উঠলো কুমিল্লা মডার্ন হাই স্কুল।

এই আসরের নিয়ম ছিল, জয়-পরাজয় নির্ধারণের জন্য অন্তত ২০ ওভার খেলা হতেই হতো। সেটি সম্ভব না হলে সুপার ওভারের নিয়ম ছিল। কিন্তু বৃষ্টি থামার লক্ষণ দেখা না দেওয়ায় সম্ভব হয়নি সেসব কিছুই। বাইলজ অনুযায়ী তাই টসেই নির্ধারিত হয় দুই দলের ভাগ্য।

বিজ্ঞাপন

শিরোপাজয়ী কুমিল্লার মডার্ন হাই স্কুল প্রাইজমানি পেয়েছে দেড় লাখ টাকা, রানার্স আপ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে ১ লাখ টাকা। আসরের সেরা ব্যাটসম্যান হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুলের আফনান ইন্তেহাদ। তিন ম্যাচে প্রায় ৬৯ গড়ে ২০৬ রান করে সে। ১১ উইকেট নিয়ে সেরা বোলার গুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আকাশ রায়। সেই সঙ্গে ব্যাট হাতে ১২৭ রান করে টুর্নামেন্টও সেরাও আকাশ।

পুরস্কার বিতরণী আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক ও গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার ও জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ। দীর্ঘদিনের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংকের প্রতিনিধি ছিলেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল এবং সৈয়দ রায়হান তারিক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস।

এবারের টুর্নামেন্টের অংশ নেয় ৩৫১টি স্কুল, মোট ম্যাচ হয়েছে ৫৮৫টি। ২০১৫ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজনে বিসিবির সঙ্গী প্রাইম ব্যাংক। এই ১০ বছরে ৬৬ হাজারের বেশি ক্রিকেটার পা রেখেছেন এই আসরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন