ডোপ সেবনে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভারত

স্পোর্টস ডেস্ক

ডোপ সেবনে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভারত

সারা বিশ্বে অ্যাথলেটিকসে ডোপ সেবনে ‘চরম ঝুঁকিপূর্ণ’ দেশগুলোর একটি হলো রাশিয়া। এ তালিকায় এবার যোগ দিয়েছে ভারত। গত সোমবার অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) এ খবর নিশ্চিত করেছে। ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশনকে (এএফআই) ক্যাটাগরি ‘এ’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে ক্যাটাগরি ‘বি’ তে ছিল দক্ষিণ এশিয়ার দেশটি। এতে রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইউক্রেনের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে পড়ল ভারতও। ক্যাটাগরি ‘এ’-তে থাকার মানে, ভারতীয় অ্যাথলেটদের এখন আরো কঠিন ডোপ টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আর মানতে হবে আরো কঠোর নিয়মকানুন।


২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং আইন ভঙ্গে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির অবস্থান ছিল শীর্ষ দুইয়ে। এমন তথ্যই জানিয়েছে এআইইউ। সংস্থাটির চেয়ারম্যান ডেভিড হাউম্যান বলেন, ‘ভারতে ডোপিং পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যবশত দেশটির অভ্যন্তরীণ ডোপবিরোধী কর্মসূচির মান এই ঝুঁকির তুলনায় মোটেও ভালো নয়।’ হাউম্যান সঙ্গে আরো যোগ বলেন, ‘এএফআই ডোপবিরোধী সংস্কারের কথা বললেও বাস্তবে দৃশ্যমান পরিবর্তন খুব একটা হয়নি।’

বিজ্ঞাপন


ক্যাটাগরি ‘এ’ তে অন্তর্ভুক্ত অন্য সদস্য দেশগুলোর মতো ভারতের অ্যাথলেটিকসেও স্বচ্ছতা আনতে এএফআইয়ের সঙ্গে এআইইউ নিবিড়ভাবে কাজ করে যাবে। এআইইউ একটি স্বাধীন সংস্থা, যার কাজই হচ্ছে অ্যাথলেটিকসে দুর্নীতি ও ডোপিংয়ের মতো অপরাধ দমনে বিশ্বজুড়ে কার্যকর ভূমিকা রাখা।


ভারত এখন প্রস্তুতি নিচ্ছে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের। যাকে তাদের ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নপূরণের পথে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এমন সময়ে এসেও ভারতীয় অ্যাথলেটিকসে ডোপিংয়ের কালো মেঘ আরো ঘনীভূত হলো।

এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী তিরন্দাজ প্রথমেশ জাওকার দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ডোপ পরীক্ষার জন্য নিজের অবস্থান না জানিয়ে তিনি এই শাস্তি পেয়েছেন এবং তিনি শাস্তিটা মেনেও নিয়েছেন। ফলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে প্রথমেশ থাকবেন দর্শক সারিতে।


গত সপ্তাহে নয়াদিল্লি সফর করেছেন বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) প্রধান উইটোল্ড বাঙ্কা। সফরে তিনি বলেন, ভারত এখন পারফরম্যান্সবর্ধক ওষুধের বড় উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম। তবে উইটোল্ড আশ্বস্ত করে বলেন, ডোপিংয়ে জর্জিত দেশগুলোর মধ্যে শীর্ষ সারিতে ভারত থাকলেও বড় কোনো বৈশ্বিক ক্রীড়া আসর আয়োজনের পথে এটি বাধা হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন