অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে গম্ভীর আলোচনার মধ্যেই সংবাদ সম্মেলনের শেষ দিকে উঠে আসে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ। আর সেখানে নিজের প্রিয় দলের পরিচয় গোপন রেখেই হাসির খোরাক জোগালেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ক্রিকেট নিয়ে প্রশ্নোত্তর শেষ হওয়ার পর এক সাংবাদিক জানতে চান, ফুটবলে তিনি কোন দলকে সমর্থন করেন।
প্রশ্ন শুনে মিরাজ সরাসরি উত্তর না দিয়ে পাল্টা বলেন, ‘বলেন দেখি, অনুমান করেন।’
এরপর সাংবাদিকরা আর্জেন্টিনা, ব্রাজিল, এমনকি ইতালির নামও উচ্চারণ করেন। কিন্তু কোনো দলের নামই স্বীকার করেননি তিনি।
সাংবাদিকদের একজন আবার বলেন, ‘আর্জেন্টিনা, ব্রাজিল...’
তখন মিরাজের জবাব, ‘কোন দিকে? বলেন।’
এরপর আবারও ব্রাজিল ও আর্জেন্টিনার নাম সামনে আসলে নিজের পছন্দের দল প্রকাশ না করেই সংক্ষিপ্ত উত্তর দেন বাংলাদেশ অধিনায়ক।
‘গোপন থাক।’
মুহূর্তেই সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে যায়। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেও ফুটবলে নিজের প্রিয় দল নিয়ে রহস্যই রেখে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

