মানতেই হচ্ছে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। বর্তমান চ্যাম্পিয়ন চীন আছে প্রতিপক্ষ হিসেবে। এই টুর্নামেন্ট চীন জিতেছে ৯ বার। উত্তর কোরিয়াও নারী ফুটবলে এশিয়ার শক্তিশালী দল। এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা তিনবার। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তানও ভালো দল। শক্তি, পরিসংখ্যান এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে এই তিন দলের বিরুদ্ধে ভালো কিছু অর্জন করতে হলে বাংলাদেশের জন্য প্রাথমিক শর্তই হলো ভালো প্রস্তুতি। একেবারে যাকে বলে কমপ্যাক্ট প্রস্তুতি, সেটা নিয়েই আমাদের যেতে হবে।
আমরা ২০১৭ সালে প্রথম অনূর্ধ্ব-১৬ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছিলাম। মনে আছে সেসময় আমাদের ভালো প্রস্তুতি হয়েছিল। আমরা জাপান, কোরিয়া, চীন বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম, লম্বা সময়জুড়ে ক্যাম্প করেছিলাম। এতো নিখুঁত প্রস্তুতি সত্ত্বেও আমাদের বাজে অভিজ্ঞতা হলো- উত্তর কোরিয়ার কাছে প্রথম ম্যাচে আমরা ৯-০ গোলে হেরেছিলাম। এবারো আমাদের প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে লক্ষ্য রাখা জরুরি। আমার মনে হয় যে, আমাদের ভালো প্রস্তুতি নিয়ে যেতে হবে।
চীনের বিপক্ষে আমরা ইয়ুথ লেভেলে খেলেছি। মনে আছে, অনূর্ধ্ব-১৬ যখন কোয়ালিফাই করলাম মিয়ানমারে, ২০১৮ সালে চীনের কাছে ৩-০ গোলে হেরেছিলাম। আর ২০১১ সালে ঢাকায় উজবেকিস্তানের বিপক্ষে অলিম্পিকের বাছাইয়ে আমরা ৩-০ গোলে হেরেছিলাম। ২০১২ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯-এর খেলায় আমরা তাদের কাছে ২-০ গোলে হেরেছিলাম।
উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিরুদ্ধে মুল ম্যাচে নামার আগে আমাদের শক্তিশালী কিছু দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। যেমন- জাপান, অস্ট্রেলিয়া- এসব বড় টিমের বিপক্ষে খেললে অভিজ্ঞতা বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। ওদের সঙ্গে ম্যাচ খেললে আমরা আসলে বুঝব যে, আমাদের অবস্থানটা কোথায়। কারণ, ওরা উত্তর কোরিয়া ও চীনের মতো সমান স্তরের দল।
শারীরিক দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে চীন ও কোরিয়া। এছাড়া টেকটিক্যালি অন্য সব দিক থেকেও দলগুলো এগিয়ে। এসব দলের বিপক্ষে খেলতে হলে এশিয়ান কাপে ভালো মানের প্রস্তুতি নিয়ে যেতে হবে নারী দলকে। অন্যদিকে, উজবেকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। এ ম্যাচে যে কোনো কিছু হতে পারে। টিম যেহেতু নিশ্চিত হয়ে গেছে, এখন একটা ধারণা পাওয়া গেছে। আমার কথা হলো, পরবর্তী রাউন্ড নয়- ভালো খেলতে হবে। আগে আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। ভালো খেলার মানসিকতা তৈরি করতে হবে। এরপর অন্য চিন্তা।
গোলাম রব্বানী ছোটন : সাবেক কোচ, বাংলাদেশ নারী ফুটবল দল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

