‘বল হাতে আমি বোলার, ব্যাট হাতে ব্যাটার’- নাঈম

‘বল হাতে আমি বোলার, ব্যাট হাতে ব্যাটার’- নাঈম

১০৬ রানের লিড নিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ, হাতে কেবল ৪ উইকেট। ছিটকে না গেলেও ম্যাচে খুব একটা ভালো অবস্থানে নেই টাইগাররা। তবে এমন আক্ষেপের দিনে বাংলাদেশের সেরা পারফর্মার নাঈম হাসান।

বিজ্ঞাপন

বোলিংয়ে ৪ উইকেট এবং ব্যাট হাতে অতি গুরুত্বপূর্ণ ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে সংবাদ সম্মেলনে আসেন নাঈম। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ভূমিকা রাখার বিষয়টি নিয়ে। নাঈমের সোজাসাপ্টা জবাব, বল হাতে তিনি বোলার, ব্যাট হাতে ব্যাটার।

এ প্রসঙ্গে নাঈম বলেন, 'আসলে বল যখন হাতে নিই তখন আমি বোলার, যখন ব্যাট হাতে নিই, তখন ব্যাটার। সবারই ব্যাটিং করতে হয়। দলের প্রয়োজনে যেটা করা দরকার, করার চেষ্টা করি।'

পারফর্ম করেও তেমন সুযোগ পান না নাঈম, এমন একটি কথা প্রায়ই উঠে আসে। আবার ঢাকা টেস্টে সবচেয়ে ভালো বল করলেও বাকি দুই স্পিনারের অর্ধেক ওভারও দেয়া হয়নি নাঈমকে। এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে নাঈম বলেন,

'দলের জন্য যেটা ভালো, অধিনায়ক সেটাই করেন। মিরাজ ভাই আর তাইজুল ভাইয়ের ওপর তাদের (টিম ম্যানেজমেন্টেত) বিশ্বাসটা বেশি। আমি যদি এরকম পারফর্ম করতে থাকি তাহলে আমাকেও বেশি বল করাবে। বিষয়টা আমার হাতে নেই। আমাকে যখন সুযোগ দেয়, আমি চেষ্টা করি শতভাগ পরিশ্রম করতে এবং দলের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, সেটা করতে।'

লিড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজকে বড় একটা লক্ষ্য দেগার। কিন্তু ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ওই ব্যাটিং বিপর্যয় নিয়ে নাঈম বলেন, 'প্রতিদিন তো সবাই ভালো খেলে না। এবার সুযোগটা আমাদের কাছে আসছে। যদি আমরা সেটা কাজে লাগাতে পারি, তাহলে দলকে ব্যাক করতে পারব। আমি আর জাকের ভাই চেষ্টা করছি সেটাই। শান্ত ভাইয়েরা যখন ব্যাটিং করতে গিয়েছিলেন, তখন আন্ডার লাইটে বল দুই রকম হচ্ছিল। সোজাও যাচ্ছিল, আবার ঘুরছিল। হয়তো ওই জায়গায় আরেকটু ভালো ব্যাটিং করার দরকার ছিল। সেটা হয়নি। আমরা ব্যাক করতে পারলে সব ঠিক হয়ে যাবে।,

দ্রুত উইকেট হারানোর পর, ড্রেসিংরুমে খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে নাঈম বলেন, 'ড্রেসিংরুমে সবাই নরমাল ছিল। কারণ আমাদের বিশ্বাস আছে, কেউ না কেউ খেলাটাকে এগিয়ে নিয়ে যাবে। আগেও হয়েছে এমন।'

জাকের-নাঈমের ২৬ রানের জুটি কিছুটা হলেও বিপর্যয় সামাল দিয়েছে। জাকের পুরোদস্তুর ব্যাটার হলেও নাঈম মূলত বোলার। যে উইকেটে ব্যাটাররা দাঁড়াতে পারছিলেন না, সেখানে ভালো ব্যাটিং করার মূলমন্ত্র কী ছিল, এমন প্রশ্নের উত্তরে নাঈম বলেন, 'তেমন কোনো পরিকল্পনা ছিল না। চেষ্টা ছিল, যেরকম বল আসবে সেকম রিঅ্যাক্ট করার। আর এই উইকেটে রান করার জন্যই খেলতে হবে। কারণ বল টার্ন করছে, রান আসতে থাকলে বোলাররা চাপে থাকবে।'

বাকি ইনিংসে নাঈমদের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান,

'চেষ্টা করব যত বেশি রান করতে পারি। আমি আর জাকের যদি লম্বা খেলতে পারি, তাহলে যত বেশি রান করব, ততামাদের দলের জন্য ভালো। ২০০ রান হলে খুবই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।'

ম্যাচ জয়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নাঈমের মন্তব্য,

'আল্লাহ চাইলে সব সম্ভব। আমাদের উইকেট আছে, চেঢটা করব যত বেশি রান করতে পারি। কোনো লক্ষ্য সেট না করি। যত বেশি রান করতে পারি, তত ভালো। আপনারা বিশ্বাস রাখুন, জাকের ভাইকে নিয়ে আমি যাতে বড় ইনিংস খেলতে পারি।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন