ফুটবল বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই বড় বিপর্যয়ের মুখে পড়েছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলের লজ্জাজনক হারের খেসারত দিতে হলো দলটির প্রধান কোচ সাব্রি লামুশিকে। ম্যাচ শেষ হওয়ার পরদিনই এক জরুরি বৈঠকে ফরাসি এই কোচকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এফটিএফ)। চলতি বিশ্বকাপে কোনো দল থেকে কোচ বরখাস্ত হওয়ার প্রথম ঘটনা এটি।
বিশ্বকাপের টিকিট কাটার সময় যে তিউনিসিয়া একটি গোলও হজম না করে অনন্য রেকর্ড গড়েছিল, মূল মঞ্চে এসে সেই রক্ষণভাগই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সুইডেনের বিপক্ষে মাঠে নামার ঠিক আগের প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল তারা। এরপর বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই হজম করতে হলো আরও ৫ গোল। মাত্র দুই ম্যাচের ব্যবধানে ১০ গোল হজম করায় কোচের ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারায় দেশটির ফুটবল বোর্ড।
আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সামি ট্রাবেলসিকে সরিয়ে লামুশিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার অধীনে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পায় দল। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করলেও এরপর কানাডার সঙ্গে গোলশূন্য ড্র এবং পরবর্তী তিন ম্যাচে যথাক্রমে অস্ট্রিয়া, বেলজিয়াম ও সুইডেনের কাছে হেরে বিদায়ঘণ্টা বাজল এই কোচের।
আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করতে নতুন কোচের নাম ঘোষণা করেছে ফেডারেশন। সাবেক তারকা উইঙ্গার ওয়াহবি খাজরিকে নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিউনিসিয়ার ডাগআউটে ফিরছেন অভিজ্ঞ মোনধের কেবাইয়ের।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'দলের বর্তমান পরিস্থিতিতে একজন অভিজ্ঞ এবং পরিচিত কোচের প্রয়োজন ছিল। মোনধের কেবাইয়ের এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আমাদের দলের সঙ্গে কাজ করেছেন। আশা করি তার হাত ধরে দ্রুতই ছেলেরা এই ধাক্কা কাটিয়ে উঠবে।'
আগামী শনিবার জাপানের বিপক্ষে ম্যাচটিই নির্ধারণ করবে বিশ্বকাপে তিউনিসিয়ার ভাগ্য। নতুন কোচের অধীনে উত্তর আফ্রিকার এই দলটি কামব্যাক করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

