ফিফা বিশ্বকাপ চলাকালীন ফুটবল মাঠে নামবে এলিয়েন বা ভিনগ্রহীদের মহাকাশযান। এরপর ম্যাচ রেফারি, খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকসহ প্রায় ৭০০-রও বেশি মানুষকে তারা অপহরণ করে নিয়ে যাবে! শুনতে কোনো সায়েন্স ফিকশন বা হলিউড সিনেমার গল্পের মতো মনে হলেও, অবাস্তব এই দাবিটিই করেছেন ব্রাজিলের এক আধ্যাত্মিক গুরু ও জ্যোতিষী। আর এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী নিয়েই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।
ব্রিটেনের দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে এই চাঞ্চল্যকর দাবি করা নারীর নাম এলিসাঞ্জেলা দে সুজা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভো বাহিয়ানা' নামে পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। সম্প্রতি একটি ভিডিওতে কান্নাভেজা কণ্ঠে নিজের একটি স্বপ্নের কথা শেয়ার করেন। তার দাবি অনুযায়ী, একটি ম্যাচ চলাকালীন মিয়ামির স্টেডিয়ামে প্রায় শতাধিক এলিয়েনসহ একটি বিশাল ইউএফও নেমে আসবে। সেখানে ব্যাপক চিৎকার, কান্না ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।
এই ঘটনার জন্য নির্দিষ্ট করে ২০২৬ সালের ২৪ অথবা ২৬ জুন তারিখটিকে উল্লেখ করেছেন এবং ওই দিন সবাইকে মিয়ামির স্টেডিয়াম থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন। সোশাল মিডিয়ায় নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়ে বাহিয়ানা বলেন, 'বন্ধুরা, আমি দেখেছি এলিয়ানরা মিয়ামির মাঠ আক্রমণ করেছে। আমি অনেক চিৎকার, অনেক কান্না, কষ্ট দেখেছি। ২০২৬ সালের ২৪ জুন মিয়ামির স্টেডিয়ামে যাবেন না। ওই জায়গা থেকে দূরে থাকুন।'
ফুটবল ভক্তদের ধারণা, আগামী ২৪ জুন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে হতে যাওয়া ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচের কথাই ইঙ্গিত করেছেন এই জ্যোতিষী। কারণ ওই ম্যাচে বিপুল দর্শকসমাগমের সম্ভাবনা রয়েছে। বাহিয়ানার এই ভিডিওর পর আলোচনা আরও উসকে দিয়েছেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর জে ক্লেও। তার একটি টিকটক ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে তিনি বিষয়টিকে একটি আগাম সংকেত হিসেবে দেখছেন।
এই অদ্ভুত দাবি ফুটবলপ্রেমীদের মনে ২০২৪ সালের মিয়ামি মলের সেই 'এলিয়েন' বিতর্কের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। সে সময় একটি শপিং মলে কিশোরদের বাজি ফাটানো এবং পুলিশের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে ভিনগ্রহী দেখার গুজব ছড়িয়ে পড়েছিল।
স্বভাবতই এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে সোশাল মিডিয়ায় এটি নিয়ে মিশ্র ও মজাদার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মজা করে লিখছেন, 'তাহলে কি এলিয়েনরা এত দূর থেকে শুধু ব্রাজিলের তারকাদের খেলা দেখতেই পৃথিবীতে আসছে?' আবার কেউ বিষয়টিকে স্রেফ লাইক-কমেন্ট পাওয়ার জন্য সস্তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

