নাহিদের বদলি পাচ্ছে না দল

পাকিস্তান যাচ্ছেন না দুই বিদেশি কোচও

পাকিস্তান যাচ্ছেন না দুই বিদেশি কোচও

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন রানা। তাকে নিয়েই আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বিসিবির নির্বাচক প্যানেল। নাহিদ না গেলেও পাকিস্তান সফরে তার বদলি হিসেবে অন্য কাউকে নেওয়া হচ্ছে না। কারণ, আইপিএল শেষে পাকিস্তান যাবেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

নাহিদের পাকিস্তান সফরে না যাওয়ার কারণ সম্পর্কে বুধবার মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ‘নাহিদ রানা ও রিশাদকে যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে, সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে, তবে তাকে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছে ও (নাহিদ)।’

দুই চিরবৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে পাকিস্তান যাচ্ছেন না টাইগারদের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিলিও। নাজমুল আবেদীন সঙ্গে যোগ করেন, দলের আরো কজন সদস্যের মধ্যে পাকিস্তান যাওয়া নিয়ে অস্বস্তি ছিল। তবে পরে তারা সফরে যেতে রাজি হয়েছেন।

বর্তমানে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। দলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশটিতে আছেন রানা। সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে এই সংস্করণে অভিষেক হয় গতিতারকার। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান উড়াল দেবে বাংলাদেশ। সে সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ায় দেশে ফিরবেন রানা। নাহিদ না খেললেও পাকিস্তান সফরের দলে নতুন করে কাউকে নেওয়া হবে না বলেই জানিয়েছেন নাজমুল। আইপিএল শেষ করে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ। তাই স্কোয়াডে বাড়তি কোনো ক্রিকেটারের প্রয়োজন দেখছে না বিসিবি।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৫ মে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ টিম। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মে। ৩০ মে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা। সিরিজের শেষ ম্যাচ হবে ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আগামী ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। ২৬ ও ২৭ মে অনুশীলন করবে লিটন দাসের দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন