বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম দেশ হিসেবে এশিয়া কাপের জন্য টিম দিল পাকিস্তান। তবে দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
বাবর-রিজওয়ান দলে না থাকায় আলোচনা যেন কিছুতেই থামছে না। কিন্তু হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ বলছেন, আগের টিমের চেয়ে এখনকার টিমের শক্তি-সামর্থ্য বেশি। দলের প্রতি গভীর আস্থা রেখে জাভেদ বলেন, ‘এশিয়া কাপে ভারতকে হারানোর সামর্থ্য রয়েছে পাকিস্তানের এই দলের। আপনি পছন্দ করুন বা না করুণ, ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। প্রত্যেক খেলোয়াড়ই এটা জানে।’
সালমান আগার নেতৃত্বে এ দলই সংযুক্ত আরব আমিরাতে খেলবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজে স্বাগতিক আমিরাত ছাড়া পাকিস্তানের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান।
শারজায় ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হবে তিন জাতির এ সিরিজ। এই সিরিজ শেষ হওয়ার দুই দিন বাদে ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। ৮ দলের মহাদেশীয় এ আসরে ‘এ’ গ্রুপে পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে চিরবৈরী প্রতিবেশী ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

