সিরিজ বাঁচানোর সুযোগ ছিল অস্ট্রেলিয়ার সামনে। এ জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দরকার ছিল জয়। কাঙ্ক্ষিত জয়ের খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দুর্ভাগ্য সমীকরণও মেলাতে পারেনি অজিরা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১২ রান। তাতে ঘরের মাঠে আরও একটি ব্যর্থতার গল্প লিখেছে মিচেল মার্শরা। ইংল্যান্ড পেয়েছে নাটকীয় জয়। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়েছে অতিথিরা। অবিশ্বাস্য ও রোমাঞ্চকর এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ ৩–১ ব্যবধানে নিশ্চিত করেছে হ্যারি ব্রুকরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়লেও স্যাম কারানের দৃঢ়তা ও শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮১ রানের লড়াকু পুঁজি গড়ে সফরকারী ইংলিশরা। জবাবে মিচেল মার্শের অনবদ্য সেঞ্চুরির পরও নির্ধারিত ২০ ওভারে লক্ষ্যে পৌঁছাতে পারে অজিরা (১৭৪)। শেষ ওভারে দুই উইকেট শিকারের সঙ্গে ১২ রান ডিফেন্ড করে ইংল্যান্ডের জয়ের নায়ক বনে যান ক্রোকম্ব।
প্রথমে ব্যাট করতে নেমে স্পেন্সার জনসন ও রাইলি মেরেডিথের তোপে পাঁচ ওভার পূর্ণ হওয়ার আগেই ৩২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। জেমস কোলস ২৯ বলে ৩৩ রান করে দলের বিপদ সামলানোর চেষ্টা করেন। তবে ম্যাচের আসল মোড় ঘুরিয়ে দেন স্যাম কারান। মাত্র ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ ছয় ওভারে লিয়াম ডসন ও জেমি ওভারটনকে নিয়ে ৮৬ রান তুলে ইংল্যান্ডকে ১৮১ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন কারান।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই এক উইকেট হারিয়ে ৬৭ তুলে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ মাত্র ৪৯ বলে শতক পূর্ণ করে দলকে জয়ের স্বপ্ন দেখান। শেষ পর্যন্ত ৫৭ বলে সমান ৯টি করে চার ও ছক্কায় ১১৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। কিন্তু অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ ওভারে নাটকীয়তা ছড়ান হেনরি ক্রোকম্ব। পরপর দুই বলে মিচেল মার্শকে ক্যাচ আউট এবং জোয়েল ডেভিসকে গোল্ডেন ডাকের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেটের বিনিময়ে ১৭৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। হারলেও ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংসের সুবাদে ম্যাচসেরা হন মিচেল মার্শ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ১৮১/৭, ২০ ওভার (কারেন ৫০*, কোলস ৩৩, কক্স ২৩, ডসন ২৩, ওভারটন ২০*; জনসন ২/৩৯ ও মেরেডিথ ২/৪৪)।
অস্ট্রেলিয়া: ১৭৪/৭, ২০ ওভার (মার্শ ১১৯, হার্পার ১৮, নিখিল ১২, ডেভিড ১২; ক্রোকমবে ৩/২৮ ও আদিল রশিদ ১/১৪)।
ফল: ইংল্যান্ড ৭ রানে জয়ী।
ম্যাচসেরা: মিচেল মার্শ।
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩-১ ব্যবধানে এগিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

