দেড়শো রানের কোটা পার করার পরই ষষ্ঠ উইকেট হারায় ভারত। এরপরও করুন নায়ার ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে চড়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল সফরকারী দল। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিং ধসে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারেনি ভারত।
গাস অ্যাটকিনসনের দারুণ বোলিংয়ে ২২৪ রানে অলআউট হয়েছে অতিথিরা। ৬ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে শুভমান গিলের দল।
২০৪ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে ভারত। নায়ার ৫২ ও সুন্দর ১৯ রানে অপরাজিত ছিলেন। জশ টাংয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে আর মাত্র ৫ রান যোগ করেন নায়ার। ২৬ রান করা সুন্দর অ্যাটকিনসনের বলে জেমি ওভারটনের হাতে ধরা পড়েন।
মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণাকে রানের খাতা খোলার আগেই ফেরান অ্যাটকিনসন। তাতেই অলআউট হয় ভারত। তাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন সাই সুদর্শন। গিল এনে দেন ২১ রান। ৩৩ রান খরচায় ৫ উইকেট নেন অ্যাটকিনসন। টাংয়ের শিকার তিনটি। ৫৭ রান দেন তিনি।
জবাব দিতে নেমে ইংল্যান্ডের সূচনাটা হয়েছে দারুণ। এই রিপোর্ট লেখার সময় উদ্বোধনী জুটিতে ৮৪ রান তুলেছেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ক্রলি ৪৬ ও ডাকেট ৩৭ রানে ব্যাট করছেন। ওভারে সাতের ওপর রান তুলছে স্বাগতিকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

