বাংলাদেশ দলের বিশ্বকাপের ম্যাচ ভেন্যু বদলের দাবি মেনে নেয়নি আইসিসি। ফলে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। এরই ফলশ্রুতিতে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শেষ পর্যন্ত আইসিসি ও বিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর সিদ্ধান্ত থেকে সরে আসে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, আমরা সব সময় এই ম্যাচের জন্য প্রস্তুত ছিলাম।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। এ নিয়ে তাবত ক্রিকেট দুনিয়ায় নেই কোনো সন্দেহ। ইতোমধ্যে প্রেমাদাসা স্টেডিয়ামের ৩৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। টিভি পর্দার সামনে কয়েক কোটি লোক অপেক্ষায় থাকবে দুদলের এই লড়াই দেখতে।
গতকাল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে শেষবারের মতো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করে পাকিস্তান। এই অনুশীলনের আগে অধিনায়ক সালমান আগা বলেন, ‘এটা অনেক বড় ম্যাচ এবং এই ম্যাচের গুরুত্ব অনেক।’
তিনি আরো বলেন, ‘সিদ্ধান্ত যা-ই হোক, আমরা সব সময় এই ম্যাচের জন্য প্রস্তুত ছিলাম।’
বিশ্বকাপের এবারের আসরে শুরু থেকেই দারুণ ছন্দে আছে পাকিস্তান। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানে জয় পায়। আর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় তিন উইকেটে। গ্রুপ পর্বে টানা দুই জয়ের সুখস্মৃতি নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারতও। তবে ভারতের মতো পাকিস্তানকে ভেন্যু বদল করতে হয়নি। সেটাই বাড়তি সাহস জোগাবে বলে মনে করেন অধিনায়ক।
সালমান আলী আগা বলেন, ‘আমরা দারুণ ছন্দে আছি। শুরু থেকেই আমরা কলম্বোতে আছি। কন্ডিশন বিবেচনায় বিষয়টি আমাদের দারুণভাবে সাহায্য করবে।’
কন্ডিশন পক্ষে থাকলেও সতর্ক থাকছেন অধিনায়ক, ‘ম্যাচ জিততে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
পাশাপাশি ভারতের সেরা একাদশের বিপক্ষে খেলতে চান অধিনায়ক সালমান আগা। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা অসুস্থ থাকায় খেলতে পারবেন কি না, তা নিয়ে আছে সন্দেহ। এ নিয়ে সালমান বলেন, ‘আমরা চাই অভিষেক খেলুক। আশা করি সেই ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে। আমরা সেরা দলের বিপক্ষে জিততে চাই, তার জন্য শুভকামনা।’
কলম্বোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আছে বৃষ্টির পূর্বাভাস। তবুও এখানে থাকবে স্পিনারদের জন্য বাড়তি সুযোগ। আলোচিত স্পিনার উসমান তারিককে দিয়ে সে সুযোগটা কাজে লাগাতে চান সালমান।
‘তারিক ভালো বল করছে। তার বোলিং রহস্য আমাদের সাহায্য করবে বলে বিশ্বাস করি’Ñবলেন সালমান আগা।
এ ম্যাচের আগে তৈরি হয়েছে আরেক আলোচনা। গত বছর এশিয়া কাপে দুদলের লড়াইয়ে হাত মেলাননি দুদলের ক্রিকেটাররা। এবার কি হাত মেলাবেন তারাÑএ প্রশ্নের উত্তরে খানিকটা কূটনৈতিক উত্তরই দিয়েছেন সালমান আগা।
তিনি বলেন, ‘খেলাটা সত্যিকারের স্পিরিট নিয়ে খেলা উচিত। এটা (ম্যাচ শেষে হাত মেলানো) বছরের পর বছর ধরে সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারা (ভারত) যা চায়, তা-ই হবে। আমরা সেটা কালকে (আজ) জানতে পারব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

