মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরেই ব্যাকফুটে চলে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ঘুরে দাঁড়ানোর মিশন। টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে আজ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে টিকে থাকার এই লড়াই সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস।
প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে কোচ টমাস ডুলির শিষ্যদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন দলের খেলায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেননি। কোচের কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা হয়েছে।
তবে অতীতের হতাশা পেছনে ফেলে দল এখন সম্পূর্ণ মনোযোগী সিঙ্গাপুর ম্যাচের দিকে। মালয়েশিয়া ম্যাচের পর ফুটবলাররা দুই ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি সেরেছেন। মূল একাদশে বেশি সময় খেলা খেলোয়াড়রা বিশ্রামে থাকলেও, শেখ মোরসালিনের মতো সাইডবেঞ্চে থাকা ও কম সময় খেলা ফুটবলাররা নিবিড় অনুশীলন করেছেন। ম্যাচ-পূর্ববর্তী প্রতিক্রিয়ায় মোরসালিন স্পষ্ট জানিয়েছেন, পরাজয়ের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফেরাই দলটির একমাত্র লক্ষ্য।
শুধু বাংলাদেশ নয়, সিঙ্গাপুরও তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হোঁচট খেয়েছে। স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ফলে উভয় দলের জন্যই আজকের ম্যাচটি গ্রুপ পর্বে নিজেদের প্রথম পয়েন্ট ও জয়ের খাতা খোলার দারুণ সুযোগ। দুদলের জন্যই এটি বাঁচা-মরার লড়াই হওয়ায় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার দেখা মিলবে।
পরিসংখ্যান এবং মুখোমুখি লড়াইয়ে কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে ২-১ গোলে হারার পর অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলের আক্ষেপে পুড়তে হয়েছিল বাংলাদেশকে। পুরোনো সেই হিসাব চুকিয়ে এবার সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ এবং কাঙ্ক্ষিত জয়ের তীব্র তাগিদ রয়েছে দলের প্রতিটি সদস্যের মধ্যে।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। মালয়েশিয়ার বিপক্ষে হারের হতাশা ভুলে জাকার্তার মাঠে বাংলাদেশ দল জয়ের ধারায় ফিরতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়। পুরো দেশের ফুটবলপ্রেমী মানুষের চোখ এখন গেলোরা বুং কার্নো স্টেডিয়ামের সবুজ গালিচার দিকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

