ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের লড়াই যেন মাঠের বাইরেও জমে উঠেছে। এবার সরাসরি নিজেকেই ফরাসি তারকার চেয়ে এগিয়ে রাখলেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড। মুভিস্টারের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’-তে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, চলতি বছর ব্যালন ডি’অর জয়ের জন্য তিনিই বেশি যোগ্য। আগামী শুক্রবার পুরো সাক্ষাৎকার প্রকাশ হওয়ার কথা থাকলেও এর কিছু অংশ আগেই প্রকাশ পেয়ে আলোচনার জন্ম দিয়েছে।
ইয়ামালের কাছে বিশ্বসেরা খেলোয়াড়ের তালিকায় রয়েছেন মাত্র দুজন, তিনি নিজে ও এমবাপ্পে। এ বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, যারা নিয়মিত ম্যাচ দেখেন, তারা বিষয়টি ভালোভাবেই জানেন। অর্থাৎ ব্যালন ডি’অরের দৌড়ে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এমবাপ্পেকেই দেখছেন তিনি।
কয়েক দিন আগেই একই পুরস্কার জয়ের দাবি তুলেছিলেন এমবাপ্পে। ব্যক্তিগত পুরস্কার হলেও দলের সাফল্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। চলতি বছর ব্যালন ডি’অর জেতা তার অন্যতম স্বল্পমেয়াদি লক্ষ্য বলেও জানিয়েছিলেন তিনি।
তবে দলীয় সাফল্যের বিচারে ইয়ামালের পাল্লা ভারী। বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিল। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

