এই প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের জন্য কিট স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশি স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর সঙ্গে নতুন যাত্রা শুরু হলো।
আগামী দুবছর বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দল এবং বয়সভিত্তিক সব দলের জন্য বিনামূল্যে স্পোর্টস কিট সরবরাহ করবে দৌড়। প্রতি বছর স্পোর্টস কিটের জন্য প্রায় এক কোটি টাকা খরচ হয় বাফুফের। স্পন্সর পাওয়ায় এই অর্থ সাশ্রয় হবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির।
কিট স্পন্সর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আগামী চার বছরের মাথায় অনেক ক্লাব আসবে, অনেক খেলোয়াড় আসবে। সেই টুর্নামেন্ট ও ক্লাব খেলোয়াড়দের সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য আমাদেরও দায়িত্ব পড়েছিল ট্রেনিং জার্সি ও কিট ইকুইপমেন্ট ঠিক করার জন্য। আমরা তো শুধু বিদেশিদের ওপর নির্ভরশীল হতে পারব না এবং নিম্নমানের কোয়ালিটি কম্প্রোমাইজ করতে চাচ্ছিলাম না। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম। চূড়ান্তভাবে দৌড় কোম্পানির সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রক্রিয়াতে কোনো ছাড় দিইনি। গত দুই মাস আগে তারা স্যাম্পল জার্সি দিয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আগে আমরা অনেক কিট স্পন্সরের সঙ্গে কথা বলতাম। আপনারা আমাদের দেশে আসুন, আমাদের সহযোগিতা করুন। আজ থেকে যাত্রা শুরু হচ্ছে সম্পূর্ণভাবে উল্টো। আমরা এখন বিদেশিদের কিট পার্টনারের দিকে নিয়ে যাব। আমরা প্রয়োজনে স্পন্সর করব। বাংলাদেশি জার্সি দিয়ে আমরা চুক্তি করব। আমাদের জার্সি উন্মোচন হলে বিভিন্ন ক্লাব ও জাতীয় দলকে জানিয়ে রাখব যে, আমাদের দেশের ব্র্যান্ড কিন্তু এখন আন্তর্জাতিক পর্যায়ে। যেহেতু ফিফার অনুমোদন থাকবে আর সেটাই হলো আমাদের স্বীকৃতি। আশা করি বাংলাদেশ আরেকটি মাইলফলকে পৌঁছে যাবে।’
দেশে আরো অনেক প্রতিষ্ঠিত ব্র্যান্ড থাকতে দৌড়ের সঙ্গে কেন চুক্তি করতে হলো- এমন প্রশ্নের জবাবে বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, কিট স্পন্সরের জন্য তারা মোট চারটি কোম্পানির প্রস্তাব পান। সব যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত দৌড়কে চূড়ান্ত করা হয়। ভবিষ্যতে জাতীয় দলের জার্সি বিক্রি করে আয়ের চিন্তাও করছে বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

