জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন জিমি-মিমো

জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন জিমি-মিমো

এশিয়ান গেমস সামনে রেখে চলমান জাতীয় হকি দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন আরো ছয় খেলোয়াড়। এর মধ্যে রয়েছেন রাসেল মাহমুদ জিমিও। অন্য খেলোয়াড়রা হলেন আবু সাঈদ নিপ্পণ, নাইম উদ্দিন, মো. শিশির, পুস্কর খীসা মিমো ও শহিদুল হক সৈকত। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে হকি ফেডারেশন জানায়, জরুরি এক সভায় নতুন নির্বাচক কমিটির সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল শুক্রবার থেকেই ওই ছয় খেলোয়াড় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এখান থেকে চূড়ান্ত দল বাছাই করবেন নতুন করে নিয়োগ পাওয়া বাংলাদেশ হকি দলের কোচ পিটার গেরহার্ড।

এক ভিডিও বার্তায় হকি ফেডারেশনের নির্বাচক কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম আর জাতীয় দলে বৈষম্য ও অনিয়ম হবে না। এখানে দ্রুতই বিদেশি কোচিং স্টাফ দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তাছাড়া গত এক-দেড় বছরে যারা ভালো পারফরম্যান্স থাকার পরও জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাননি, তাদের মধ্য থেকে ছয় খেলোয়াড়কে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা তাদের দলে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি।’ বাংলাদেশ হকি ফেডারেশন কর্তাদের প্রত্যাশা, সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মেলবন্ধনে এশিয়ান গেমসে শক্তিশালী বাংলাদেশ দল দেখা যাবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর আবার জাতীয় দলে সুযোগ পাওয়া রাসেল মাহমুদ জিমি বর্তমান হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য। ফেডারেশনের কর্তা হওয়ার পাশাপাশি এখন জাতীয় দলের ক্যাম্পে ডাক পড়েছে তার। জিমি বলেন, ‘এখনো জানি না জাতীয় দলের জার্সি আবার পরতে পারব কি না। কারণ, বিদেশি কোচ আসছেন, তার কাছে প্রমাণ দিতে পারলেই হয়তো স্বপ্নটা পূরণ হবে। আমি এতটুকু বলতে পারি, নিজেকে প্রমাণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করব।’ গত এশিয়ান গেমসে কোরিয়ান কোচের কাছে ফিটনেসের প্রমাণ দিয়ে নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন জিমিও। এবার আবারও ৩৯ বছর বয়সি এই তারকা খেলোয়াড়কে জাতীয় দলের জার্সিতে দেখা যায় কি নাÑসেটিই দেখার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন