সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা দুঃস্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জন্য। পাকিস্তান যাত্রার পথে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজ খেলেছে লিটন দাসের দল। যেখানে অতিথিরা হেরেছে ২-১ ব্যবধানে। নিচের সারির দলটির কাছে এভাবে সিরিজে হেরে রীতিমতো সমালোচনার কাঠগড়ায় বাংলাদেশ। তুমুল সমালোচনার মাঝেই এবার পাকিস্তান পৌঁছেছে দলটির প্রথম বহর।
সে বহরে আছেন মোট ১০ জন। এর মধ্যে চারজন ক্রিকেটার। তারা হলেন পারভেজ হোসেন ইমন, তানজিম ইসলাম সাকিব ও তানভীর ইসলাম। বাকি ছয়জনের মধ্যে আছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং কয়েকজন সাপোর্ট স্টাফ। দলের বাকি সদস্যদের সোমবার পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছে।
ভারতের বিপক্ষে কয়েকদিনের সামরিক সংঘাতের কারণে পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন গতি তারকা নাহিদ রানা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। রানার পথে হেঁটে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন ফিল্ডিং কোচ জেমস পামেন্ট ও স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি।
পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছেন মিরাজ ও রিশাদ হোসেন। টুর্নামেন্টের ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দেবেন এই দুই অলরাউন্ডার। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমানে চড়বেন মোস্তাফিজুর রহমান।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামী ২৮ মে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩০ মে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। ১ জুন সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

