জার্মানিতে ১৬ প্রস্তুতি ম্যাচ হকি দলের

জার্মানিতে ১৬ প্রস্তুতি ম্যাচ হকি দলের

আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হবে এশিয়ান গেমস। এর আগে জার্মানিতে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছেন বাংলাদেশ হকি দলের কোচ পিটার গেরহার্ড। আজ থেকে এশিয়ান গেমসের দল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এই জার্মান কোচ। তিনি জানান, জার্মানির শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এমনকি জার্মান চ্যাম্পিয়ন দলের বিপক্ষেও ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। গেরহার্ড বলেন, ‘এই ম্যাচগুলোতে আমরা নিজেদের খেলার মান উন্নত করব এবং তাদের কাছ থেকে শিখতে পারব। ইউরোপীয় হকি খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমি আশা করি, আমাদের দলটি ইউরোপীয় ধাঁচে খেলা রপ্ত করতে পারবে এবং এটি সম্ভব হলে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে গিয়ে বেশ চাপে পড়বে।’ অন্যদিকে, এবার হকি ক্যাম্পে সবার বাড়তি দৃষ্টি রাসেল মাহমুদ জিমির দিকে। ১৭ মাস পর জাতীয় দলে ফিরেছেন ৩৯ বছর বয়সি তারকা ফরোয়ার্ড। লম্বা সময় পর দলে ফিরে জিমি প্রতিশ্রুতি দিলেন, পঞ্চম এশিয়ান গেমস খেলতে প্রস্তুতিতে নিজের সবটুকু দেবেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন