বাংলাদেশের সিরিজ জয় নাকি অস্ট্রেলিয়ার সমতা?

ভালো ক্রিকেট খেলব এবং ম্যাচ জিতব: মিরাজ

স্পোর্টস রিপোর্টার

ভালো ক্রিকেট খেলব এবং ম্যাচ জিতব: মিরাজ

তিন ম্যাচের সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার কথাই জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মাঠে সেটার প্রতিফলন দেখিয়েছেন তানজীদ তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেনরা। তাতে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আজকের ম্যাচটি দুদলের জন্যই ভিন্ন বাস্তবতা নিয়ে হাজির হয়েছে। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুযোগ আর অস্ট্রেলিয়ার সামনে বাঁচা-মরার লড়াই।
প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের ৮৬ ও নাজমুল হোসেন শান্তর ৬৭ রানে ২৮৪ রানের সংগ্রহ গড়েন স্বাগতিকরা। পরে নাহিদ রানার চার উইকেট এবং পেস আক্রমণের দাপটে ১৯১ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। প্রায় দুই দশক পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় বাংলাদেশ, যা তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয় জয়।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলাটা আগামী বিশ্বকাপের প্রস্তুতির বড় সুযোগ। প্রতিপক্ষের অনুপস্থিত খেলোয়াড়দের নিয়ে না ভেবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি। মিরাজের ভাষায়, ‘আমাদের পরিকল্পনা খুব সহজ। ভালো ক্রিকেট খেলব এবং ম্যাচ জিতব।’ সেটাই দেখিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিসও বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন। সিরিজ শুরুর আগে তিনি বিশেষভাবে নাহিদ রানার প্রশংসা করে বলেছিলেন, লম্বা গড়নের এই গতিতারকা অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। প্রথম ম্যাচেই সে আশঙ্কা বাস্তবে রূপ নেয়। সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে পেস আক্রমণ। নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের ত্রয়ী সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নাহিদ।
অস্ট্রেলিয়ার শক্তির জায়গা তাদের অভিজ্ঞ ব্যাটিং ইউনিট। ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচে ফিফটি করে একাই প্রতিরোধ গড়েছিলেন। এছাড়া অ্যালেক্স কেরি, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ ও অধিনায়ক ইংলিসের দিকে তাকিয়ে থাকবেন সফরকারীরা। তবে মিচেল মার্শ ও ট্রাভিস হেডের অনুপস্থিতি দলটিকে নিঃসন্দেহে দুর্বল করেছে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।
মিরপুরে আজ দুই ভিন্ন লক্ষ্য নিয়ে নামা দুই দলের মানসিকতা ও সামর্থ্যের পরীক্ষা। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আর অস্ট্রেলিয়ার সামনে টিকে থাকার লড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চকর এক লড়াইয়ের সব উপকরণই প্রস্তুত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন