দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবশেষে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে দামাককে ৪-১ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল-নাসর। ২০১৯ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলল রিয়াদের ক্লাবটি। একই সঙ্গে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটাই রোনালদোর প্রথম বড় ট্রফি।
মৌসুমের শেষ ম্যাচে আল-আওয়াল পার্কে সমীকরণ ছিল সহজ—জিতলেই চ্যাম্পিয়ন আল-নাসর। তবে চাপও কম ছিল না। কারণ, আগের ম্যাচে সুযোগ হাতছাড়া করেছিল তারা। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফাইনালে হার আরও হতাশা বাড়িয়েছিল রোনালদোদের শিবিরে। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়তার সুযোগই দিল না স্টেফানো পিওলির দল।
ম্যাচের ৩৩তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে আল-নাসরকে এগিয়ে দেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোম্যান। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট জড়িয়ে যায় জালে।
তবে দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দামাক। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মোরলায়ে সিল্লা। এক মুহূর্তের জন্য চাপ বাড়লেও এরপর মঞ্চটা পুরোপুরি নিজের করে নেন রোনালদো।
৬৩তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করেন পর্তুগিজ সুপারস্টার। দূরের পোস্ট ঘেঁষে নেওয়া শটে হতভম্ব হয়ে যান প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর ম্যাচের শেষ দিকে ছয় গজ বক্সের ভেতর বল পেয়ে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি।
এই দুই গোলের মাধ্যমে চলতি লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। আর পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯৭৩।
একই সময়ে মাঠে নেমেছিল শিরোপা দৌড়ে থাকা আল-হিলালও। তারা নিজেদের ম্যাচে জয় পেলেও শেষ পর্যন্ত ৮৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে ৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে আল-নাসর।
তিন বছরের অপেক্ষা, অসংখ্য হতাশা আর ব্যর্থতার পর অবশেষে সৌদি আরবে ট্রফি হাতে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর সেই শিরোপা জয়ের গল্পটাও লিখলেন তিনি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই—জোড়া গোল করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

