জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) ক্রিকেট লিগ শুরু করল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (৪ মার্চ) পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে হারিয়েছে শাইনপুকুর। অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে ধানমন্ডি।
বিকেএসপির ৪ নম্বর মাঠে রায়হান রাফসান ও অনিক সরকারের ফিফটিতে স্কোরবোর্ডে ২৯৮ রান তোলে শাইনপুকুর। ৮১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন রাফসান। ৭৭ রান করেন অনিক। এছাড়া জোবায়ের হোসেন ৩৯ ও মিনহাজুল আবেদিন করেন ৩০ রান।
জবাবে আল ফাহাদ ও রাফিউজ্জান রাফির দুর্দান্ত বোলিংয়ে ২২১ রানে অলআউট হয় পারটেক্স। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জাওয়াদ রোয়েন। ৪০ রানে আসে রুবেল মিয়ার ব্যাট থেকে। শাইনপুকুরের হয়ে ফাহাদ ও রাফি তিনটি করে উইকেট নেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৮.৪ ওভারে ব্রাদার্সের দেওয়া ২৬৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় ধানমন্ডি। দল জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৫৩ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫৫ রান আসে ফজলে রাব্বির ব্যাট থেকে। এছাড়া ইয়াসির আলী করেন ৪১ রান। এর আগে মাহফুজুল ইসলাম, মিজানুর রহমান ও ইমতিয়াজ হোসেনের ব্যাটে চড়ে লড়াকু পুঁজি পায় ব্রাদার্স। ৮৪ রান এনে দেন মাহফুজুল। মিজানুরের অবদান ৭৩ রান। এছাড়া ইমতিয়াজ করেন ৫০ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

