রোমাঞ্চকর জয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা

রোমাঞ্চকর জয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা

লিডসে এক রোমাঞ্চকর ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। নাটকীয় এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারীরা। কুশল মেন্ডিসের দারুণ সেঞ্চুরি এবং দুনিথ ভেল্লালাগের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে এই জয় তুলে নেয় লঙ্কানরা।

বিজ্ঞাপন

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ গড়ে তারা। দলের হয়ে অধিনায়ক কুশল মেন্ডিস ১০০ বল খেলে ১৪ চার ও ৩ ছক্কায় দুর্দান্ত এক সেঞ্চুরিতে (১২১ রান) ম্যাচসেরা হন। এছাড়া কামিন্দু মেন্ডিস ৫৪, পবন রত্ননায়েকের ৪৮ এবং জানিথ লিয়ানাগে ৩২ রানের কার্যকরী ইনিংস খেলেন। ইংল্যান্ডের জার্সিতে গাস অ্যাটকিনসন ও রেহান আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। মাত্র ১৩.৫ ওভারেই দলীয় শতক পেরিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার টম ব্যান্টন ৭৩ এবং বেন ডাকেট ৬৭ রান করে শক্ত ভিত গড়ে দেন। উইল জ্যাকস করেন ৫২ রান।

এক পর্যায়ে জয়ের সুবাস পাওয়া ইংলিশরা ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে ৩৮তম ওভারে। জস বাটলার ৪৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। পরে আবারও ফিরে আউট হন। তার বিদায়ে এবং শেষ দিকের ব্যাটিং ধসে জয়ের সহজ সমীকরণ মেলাতে পারেনি হ্যারি ব্রুকের দল। শেষ ৮০ বলে ৭২ রান দরকার থাকলেও শেষ পর্যন্ত ৩০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন দুনিথ ভেল্লালাগে, যিনি সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া দিলশান মাদুশঙ্কা ও এহসান মালিঙ্গা নেন দুটি করে উইকেট। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল লঙ্কানরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন