টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়া সফরে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এই দলে ডাক পেয়েছেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত দুই আসরের পারফর্মার ইফতেখার হোসেন ইফতি ও অমিত হাসান। এছাড়া জাতীয় দলে খেলা শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, হাসান মাহমুদ ও নাঈম হাসানরা আছেন এই স্কোয়াডে।
এনসিএলের সবশেষ আসরে বরিশালের হয়ে ৭ ম্যাচে ৪৩.৩০ গড়ে ৫৬৩ রান করেছিলেন ইফতেখার রহমান ইফতি। এক সেঞ্চুরির সঙ্গে তার ব্যাটে ছিল তিন হাফ সেঞ্চুরি। এমন দারুণ পারফরম্যান্সের কারণে তাকে দলে নিয়েছেন নির্বাচকরা। এর আগে ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেন ইফতি।
ইফতির মতো এনসিএলে ব্যাট হাতে আলো ছড়িতে ডাক পেয়েছেন অমিত হাসান। গত মৌসুমে সিলেটের হয়ে ৭৮.৫০ গড়ে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৮৫ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে সুযোগ পেয়ে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। বাকি তিন ইনিংসে করেছিলেন সর্বোচ্চ ২৫ রান। এছাড়া বল হাতে দারুণ করা পেসার আনামুল হকও আছেন অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে। আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন তারা।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরী, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

