সামনে চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এ টুর্নামেন্টের জন্য চলছে এখন শেষ সময়ের প্রস্তুতি। ওয়ানডের এ আসরের জন্য আলাদাভাবে নিজেদের প্রস্তুত করছে স্বাগতিক পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। লাহোর ও করাচিতে তারা খেলছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনালে নাম লিখেছে কিউইরা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ কে? সেটাই নির্ধারণ হবে এবার।
ফাইনালের টিকিট কাটার লক্ষ্যে লিগ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। অলিখিত সেমিফাইনালে যারা জিতে তারাই খেলবে ফাইনালে। লক্ষ্যটা সামনে রেখে দুদল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নামবে বিকাল ৩টায়।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না পূর্ণ শক্তির দল। ইনজুরির কারণে এখন ছোট-খাটো একটা হাসপাতালই হয়ে গেছে দলটি।
চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও এখনো পাকিস্তানে পৌঁছাননি রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস, রসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, এইডেন মার্করাম, মার্কো জানসেন ও কাগিসো রাবাদা। তাই দলের শক্তি বাড়াতে হেনরিখ ক্লাসেনকে ডেকে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

