আজ আসছেন অ্যালেক্স মার্শাল

আজ আসছেন অ্যালেক্স মার্শাল

সবশেষ বোর্ডসভা শেষে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকু) দায়িত্ব অ্যালেক্স মার্শালের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য এই দায়িত্ব নিতে আজ ঢাকায় আসবেন তিনি। আগামীকাল থেকে বিসিবিতে তার কাজ শুরু করার কথা রয়েছে।

অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল মূলত কাজ করবেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজাতে। বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন। এছাড়া অতীতে আকুর কীভাবে কাজ করেছে সে বিষয়েও সম্যক ধারণা নেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

অ্যালেক্স মার্শাল মূলত বিসিবিতে কাজ করবেন অ্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজানোর জন্য। এখন পর্যন্ত বাংলাদেশে এই কাজে অভিজ্ঞ কেউ না থাকায় অ্যালেক্স মার্শালের ওপর ভরসা করতে হচ্ছে জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা আসলে কেউই ভালোমতো জানি না অ্যান্টি করাপশন ইউনিট কীভাবে কাজ করে। অ্যালেক্স এসে আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে ভালোমতো সাজিয়ে দেবে। পরবর্তী সময়ে ওর পরামর্শ অনুযায়ী চলবে।’

আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ম্যানেজারকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে মিঠু আরো বলেন, ‘ওর যথেষ্ট অভিজ্ঞতা আছে কীভাবে অ্যান্টি করাপশন ইউনিট কাজ করে। আমাদের সেভাবেই ও সাহায্য করবে।’

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট মূলত কাজ করে থাকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। ফলে এনসিএল টি-টোয়েন্টি দিয়েই মূলত শুরু হবে অ্যালেক্স মার্শালের কাজ। সম্প্রচার স্বত্বের আওতায় থাকায় এনসিএল টি-টোয়েন্টিতে বিসিবি কড়া নজরদারি করবে বলেও জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন