চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ দলের সামনে নেই কোনো ওয়ানডে ম্যাচ। বিপিএল থেকে সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন ক্রিকেটাররা। ইতোমধ্যে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন। এর মধ্যেই আজ ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেবেন। দুই দফায় হবে এই পরীক্ষা। প্রথমভাগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সকাল ৬টায় রানিং ও টাইম ট্রায়াল পরীক্ষা দেবেন ক্রিকেটাররা। দ্বিতীয় দফায় মিরপুরে দেবেন লেভেল টু স্ট্রেংথ পরীক্ষা।
গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জাতীয় দলের এই ক্যাম্প। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের আশপাশে থাকা সবাই এই ক্যাম্পে অংশ নিচ্ছেন। বিপিএলের পর লম্বা আন্তর্জাতিক ও ঘরোয়া সূচিতে থাকবেন ক্রিকেটাররা। ব্যস্ত সূচির আগে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা পর্যবেক্ষণের জন্যই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। মোট ৪৫ ক্রিকেটার এই পরীক্ষায় অংশ নেবেন। আজ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এই পরীক্ষায় অংশ নেবেন।
গতকালের মতো আজও ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে জাতীয় দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে হওয়া এই ক্যাম্পে জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদেরকেও রাখা হয়েছে।
ক্যাম্পে কেন বাড়তি ক্রিকেটার রাখা হয়েছে- সেই ব্যাখ্যায় বিসিবির এক কর্তা আমার দেশকে জানান, কোনো খেলোয়াড়ের ইনজুরিতে বিকল্প পেতে যেন বেগ পেতে না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত। এছাড়া বছরজুড়ে জাতীয় দলের ব্যস্ততার কথা মাথায় রেখে ক্রিকেটারদের সব সময় প্রস্তুত রাখতেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ঝালিয়ে নিচ্ছেন কোচরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

