পাকিস্তানের সিরিজ জয় নাকি শ্রীলঙ্কার সমতা

পাকিস্তানের সিরিজ জয় নাকি শ্রীলঙ্কার সমতা

ঘরের মাঠে পাকিস্তান সবসময়ই শক্তিশালী। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে সালমান আলী আঘার দল। শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যতিক্রম হলো না। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচে আজ ফের মুখোমুখি হচ্ছে দুদল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের। এদিকে সিরিজে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার সামনে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় রাওয়ালপিন্ডিতে ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডেতে লড়াই হয়েছে সমানে সমান। সালমানের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বড় সংগ্রহের পর শ্রীলঙ্কা ২১০ রানেই হারিয়েছিল ৭ উইকেট। সেখান থেকে তাদের লোয়ার অর্ডার দুর্দান্তভাবে ম্যাচ জয়ের পথে ছিল। সব এলোমেলো করে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার আউটের পর শেষ ওভারে আবার ভীতি ছড়ালেন মাহিশ থিকশানা। শেষমেশ অবশ্য ঘাম ঝরিয়ে ৬ রানের জয় পায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কা মরণ কামড় দেবে বলার অপেক্ষা রাখে না। তাতে জমজমাট লড়াই হবে বলেই ধারণা।

পরিসংখ্যানের হিসাবে দেখা যায়, ওয়ানডেতে দুই দল ১৫৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে পাকিস্তানের ৯৪ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৯ ম্যাচে। কোনো ফল হয়নি ৪ ম্যাচে। টাই হয়েছে ১ ম্যাচ। এবার দেখার পালা দ্বিতীয় ওয়ানডেতে সমীকরণের সঙ্গে সিরিজেও পরিবর্তন আসে কি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন