শুরুতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের তোপ, তাতে মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল জিম্বাবুয়ে। সেখান থেকে অভিজ্ঞ দুই ব্যাটার ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিনের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকেরা। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করেছেন তাঁরা।
২৭ ওভার শেষে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ১৩৫ রান। টেলর তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতকও।
ইনিংসের শুরুটা ছিল পুরোপুরি তাসকিনময়। নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে মেডেন ওভার কাটান এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে প্রথমে ক্যাচ আউট দেন আম্পায়ার। তবে রিভিউতে দেখা যায়, বল ব্যাটে লাগেনি; পায়ে আঘাত করায় লেগ বিফোরের সিদ্ধান্ত বহাল থাকে।
এরপর পঞ্চম ওভারে বেন কারানকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। ১১ বলে ৬ রান করে ফেরেন এই ওপেনার। তাসকিনের তৃতীয় শিকার হন তিন নম্বরে নামা তাফাদজওয়া সিগা। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও ১৫ বলে ১৬ রানের বেশি এগোতে পারেননি তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি চার।
২৪ রানে ৩ উইকেট হারানোর পর জিম্বাবুয়েকে বিপর্যয় থেকে উদ্ধারের দায়িত্ব নেন টেলর ও আরভিন। ঝুঁকি কমিয়ে বুঝেশুনে ব্যাটিং করে তাঁরা গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ৬৫ বলে অর্ধশতক পূর্ণ করেন টেলর। তাঁদের শতরানের জুটিতে ম্যাচে ফেরার আশা জোরালো করেছে জিম্বাবুয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

