আসন্ন বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। দলের সঙ্গে সফরে আসছেন ৭ সদস্যের টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ২০ সদস্যের দলে নিয়ে বাংলাদেশ সফরে আসছে ডাচরা।
আসন্ন এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই কুড়ি ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ৩০ আগস্ট শুরু হবে এই টি-টোয়েন্টি সিরিজ, যার তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে আসার কথা ছিল ভারতের। তবে সরকারের সবুজ সংকেত না পেয়ে সফরটি পিছি দিয়েছে বিসিসিআই। এশিয়া কাপের আগে প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সূচি ছিল না লাল-সবুজ প্রতিনিধিদের সামনে।
বাংলাদেশ এখনো দল দেয়নি। তবে দলের সম্ভাব্য ক্রিকেটাররা এরই মধ্যে পা রেখেছেন সিলেটে। গতকাল থেকে তিনদিন দুপুর থেকে রাত পর্যন্ত স্কিল অনুশীলনে ব্যস্ত থাকবেন খেলোয়াড়রা। ২৩ আগস্ট ছুটি থাকবে। ২৪ ও ২৫ আগস্ট হবে ম্যাচ সিনারিও অনুশীলন। পরে ২৬ আগস্ট বিসিবি হাইপারফরম্যান্স টিমের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা।
বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিৎ সিং, অনিল নিডামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস, নোয়াহ ক্রোয়েস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল দোরাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

