ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েছেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড দিয়েছেন তিনি। এখান থেকে সেরা এগারো জনকে নিয়ে সাজাবেন একাদশ। সেই একাদশে থাকছেন কারা? উত্তর মেলায় আনচেলত্তির প্রথম ম্যাচের ‘সেরা ১১’ সামনে এনেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।
গোলবারের নিচে দলের সেরা প্রহরী নিশ্চিত আলিসন বেকার। তাই আনচেলত্তির প্রথম পছন্দ হিসেবে লিভারপুল তারকাই থাকছেন। সম্প্রতি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা আলিসনকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দেখা যাবে প্রথম একাদশে।
রক্ষণের দায়িত্বে কোনো যদি কিন্তু ছাড়াই মারকিনিওসকে শুরুর একাদশে রাখবেন আনচেলত্তি। সদ্য সমাপ্ত মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। ঘরোয়া ডাবল জয়ের পর চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষুধা নিয়ে অপেক্ষায় আছেন ট্রেবলের। মারকিনিওসের সঙ্গে দেখা যেতে পারে তার পিএসজি সতীর্থ লুকাস বেরালদোকে। তৃতীয় ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন ফ্ল্যামেঙ্গোর লুইস ওরতিজ।
ফুলব্যাক হিসেবে মাঠের ডানপাশে থাকতে পারেন মোনাকোর ভ্যান্ডারসন। বাঁ পাশে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের কার্লোস আগুস্তোকে খেলাতে পারেন আনচেলত্তি। পরিস্থিতি বিবেচনায় ভ্যান্ডারসনের বদলি হিসেবে দেখা যেতে পারে ফ্ল্যামেঙ্গোর ওয়েসলিকেও।
মাঝমাঠের মূল দায়িত্বটা দেওয়া হতে পারে কাসেমিরোকে। অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার আগের থেকেই আনচেলত্তির প্রথম পছন্দ। তার সঙ্গে নিউক্যাসলের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো গিমারাইসকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
আক্রমণভাগ সাজানোতে ক্লাবের সাবেক শিষ্য ভিনিসিউস জুনিয়রকে কেন্দ্র করেই পরিকল্পনা করবেন আনচেলত্তি, এটা নিশ্চিত। তার সঙ্গে প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন অ্যান্তোনি। এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়া রাফিনহা না থাকায় স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে রিচার্লিসনকে।
আনচেলত্তির প্রথম ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ : আলিসন (গোলরক্ষক), মারকিনিওস, লুকাস বেরালদো, লুইস ওরতিজ, কার্লোস আগুস্তো, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গারসন, ভিনিসিউস, আন্তোনি ও রিচার্লিসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

