আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

স্পোর্টস রিপোর্টার

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান রাখা মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের মনোনীত ক্রিকেটারদের নাম প্রকাশ করে আইসিসি। পুরুষদের বিভাগে মুশফিক ও তাইজুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নেপালের অলরাউন্ডার দিপেন্দ্র সিং আইরে।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সেই সিরিজে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন মুশফিক। প্রথম টেস্টে ৭১ রান করার পর দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ১৩৭ রানের ম্যাচজয়ী ইনিংস।

অন্যদিকে বল হাতে সিরিজজুড়ে দাপট দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই ম্যাচে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট শিকার করেন তিনি। বিশেষ করে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনের সময়ে মূল্যবান রান যোগ করেছিলেন এই স্পিনার।

বাংলাদেশি দুই তারকার পাশাপাশি মনোনয়ন পেয়েছেন নেপালের অলরাউন্ডার দিপেন্দ্র সিং আইরে। কীর্তিপুরে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ প্রতিযোগিতায় ব্যাট ও বল হাতে সমানভাবে উজ্জ্বল ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরিসহ ছয় ম্যাচে ৪৯.৮০ গড়ে ২৪৯ রান করেন দিপেন্দ্র। তাঁর স্ট্রাইক রেট ছিল ১১০.৬৬। এছাড়া বল হাতে তুলে নেন ৮ উইকেট।

এদিকে মেয়েদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...