তিন ম্যাচে দুই সেঞ্চুরি, বাবার পথেই এগোচ্ছেন নবীর ছেলে

তিন ম্যাচে দুই সেঞ্চুরি, বাবার পথেই এগোচ্ছেন নবীর ছেলে

আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকে সারথী মোহাম্মদ নবী। দলের শুরু থেকেই গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন এই অলরাউন্ডার। বাবার দেখানো পথে এগিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডারের ছেলেও। ঘরোয়া ক্রিকেটে তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে নিজের আগমনী বার্তা জানান দিলেন নবীর ছেলে হাসান ইসাখিল।

ছেলে ইয়াখিলের সঙ্গে জাতীয় দলের খেলার স্বপ্নের কথা বহুবার বলেছেন নবী। সে কারণেই হয়তো ৪০ বছর পেরিয়েও নবী আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যাচ্ছেন। বাবার স্বপ্ন পূরণ করতেই যেন ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন ইয়াখিল, যাতে দ্রুত নির্বাচকদের নজরে পড়তে পারেন।

বিজ্ঞাপন

মে মাসের মাঝামাঝি সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ইয়াখিলের। আর অভিষেকেই সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। মাঝে এক ম্যাচে বাদে আবারও করলেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে আগমনী বার্তাই যেন জানান দিলেন ইয়াখিল।

আফগানিস্তানে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার নাম আহমেদ শাহ আবদালি টুর্নামেন্ট। নানগারহারে প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের ম্যাচে গতকাল প্রথম দিনেই হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে পামির লিজেন্ডসের বিপক্ষে ১২৮ রান করেন ইসাখিল। ১৪০ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা।

এর আগে আমানউল্লাহতে ১৮ মে নিজের অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন ইসাখিল। তার সেই সেঞ্চুরি মাইওয়ান্দ চ্যাম্পিয়নসের সঙ্গে হিন্দুকুশ স্ট্রাইকার্সের ড্র করতে বড় ভূমিকা রাখে।

চার দলের এই টুর্নামেন্টে হিন্দুকুশের আরেকটি ম্যাচ বাকি। যেভাবে এগোচ্ছেন তাতে ১৮ বছর বয়সী ইসাখিল আরেকটি সেঞ্চুরি করে বাবার স্বপ্ন পূরণের পথে আরেকটু এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন