বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া হেনস্তার ঘটনায় এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে নাঈমের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লেখেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, ঘটনার পরপরই নাঈম তার সঙ্গে যোগাযোগ করেন এবং এরপর থেকেই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তিনি ও বিসিবির অন্য পরিচালকেরা।
তামিম লিখেছেন, ‘রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকেরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’
বিসিবির অবস্থানও স্পষ্ট করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ইতোমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।
তামিম আরও লেখেন, ‘বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরো যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা।’
সবশেষে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি বোর্ডের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সব সময়।’
উল্লেখ্য, শুক্রবার রাতে চট্টগ্রামের লালখানবাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে কিছু ব্যক্তির হাতে হেনস্তা ও মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন নাঈম হাসান। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি ও কোয়াব। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দেশের ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ সংগঠন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

