২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগেই অস্বস্তিকর এক ঘটনার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে ইংলিশদের অনুশীলন সরঞ্জাম, যার মধ্যে খেলোয়াড়দের বুট ও অফিশিয়াল প্রশিক্ষণ বলও রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড দলের ব্যবহারের জন্য রাখা বেশ কিছু সরঞ্জাম কানসাস সিটির সোপ সকার ভিলেজ থেকে চুরি হয়েছে। ঘটনার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঠিক কী কী সামগ্রী খোয়া গেছে, তা নির্ধারণের কাজ করছে।
এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে কয়েকজন তারকা ফুটবলারের বুটও রয়েছে। পাশাপাশি অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। স্থানীয় পুলিশকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে এবং এফএর সঙ্গে সমন্বয়কারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।
বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের তুলনায় কিছুটা পরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইংল্যান্ড। কোচ টমাস টুখেলের দল শনিবার প্রথমবারের মতো তাদের বেস ক্যাম্পে অনুশীলনে নামার কথা রয়েছে।
আগামী বুধবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের প্রথম প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। একই গ্রুপে রয়েছে ঘানা ও পানামা।
১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের পর দীর্ঘ ৬০ বছর ধরে অপেক্ষায় থাকা ইংল্যান্ড এবার নতুন কোচের অধীনে সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে নামছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চুরির এই ঘটনা তাদের প্রস্তুতিতে কিছুটা হলেও বিঘ্ন ঘটিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

