চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ফ্রান্স, চারে আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ফ্রান্স, চারে আর্জেন্টিনা

পর্দা নামার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২৬ আসর। মাঠের লড়াই গড়িয়েছে একদম শেষ প্রান্তে। ইতোমধ্যেই বিশ্বমঞ্চের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার পরাশক্তি—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার মহালড়াইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড।
সেমিফাইনালে ওঠা প্রতিটি দলেরই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তি, সামর্থ্য এবং মনোবল রয়েছে। তবে মাঠের শক্তিমত্তা, দলের বর্তমান ফর্ম এবং অতীত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ফুটবল বিশ্লেষক ও ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অপ্টা’ তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে সেমিফাইনাল ও শিরোপা জয়ের একটি গাণিতিক ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে।
অপ্টা সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে চরম উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি। অবাক করার মতো বিষয় হলো, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নয়, বরং ইংল্যান্ডকেই কিছুটা এগিয়ে রাখছে সুপার কম্পিউটার।
হিসাব অনুযায়ী, থ্রি লায়ন্সদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হ্যারি কেইনদের সরাসরি জেতার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪.১০ শতাংশ। তবে নির্ধারিত সময়ে ম্যাচটি অমীমাংসিত বা ড্র থাকার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ, যার অর্থ ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়াতে পারে।
অন্য সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের লড়াইয়ে ফরাসিদের স্পষ্ট ব্যবধানে এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার। কিলিয়ান এমবাপ্পেদের ফাইনালে ওঠার সম্ভাবনা যেখানে ৫৭.৭০ শতাংশ, সেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।
সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে কার ঘরে যাবে সোনালি ট্রফি? চার দলের ট্রফি জয়ের চূড়ান্ত সম্ভাবনাও প্রকাশ করেছে অপ্টা-
মজার ব্যাপার হলো, ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে টুর্নামেন্ট শুরু করলেও বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ট্রফি ধরে রাখার দৌড়ে চার নম্বরে রেখেছে সুপার কম্পিউটার। ২০২৬ ফিফা বিশ্বকাপে অপ্টা সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শীর্ষ চার দল হলো যথাক্রমে ফ্রান্স (৩৪.০৫%), স্পেন (২১.৯৪%), ইংল্যান্ড (২১.৯৪%) ও আর্জেন্টিনা (২০.৫৫%)। বিভিন্ন ম্যাচের পরিসংখ্যান ও দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে অপ্টা এই দলগুলোকে শিরোপা জেতার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছে ফ্রান্সকে। সবার শেষে রেখেছে আর্জেন্টিনাকে।
তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে পরিসংখ্যান অনেক সময়ই ভুল প্রমাণিত হয়। এখন দেখার বিষয়, অপ্টার এই গাণিতিক ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়, নাকি সুপার কম্পিউটারকে ভুল প্রমাণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখে আলবিসেলেস্তেরা।

দল সম্ভাবনা কত শতাংশ
ফ্রান্স : ৩৪.০৫% (শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার)

স্পেন : ২৩.৪৫%

ইংল্যান্ড : ২১.৯৪%

আর্জেন্টিনা : ২০.৫৫%

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...