আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপের শেষটা যেখান থেকে হয়েছিল, এবার শুরুটাও ঠিক সেখান থেকেই। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি। ম্যাচ শেষে হ্যাটট্রিক করা মেসি যেমন জয়ের আনন্দে ভেসেছেন, তেমনি ম্যাচ শেষে কণ্ঠেও ছিল শান্ত আবেগ আর কৃতজ্ঞতার সুর। হ্যাটট্রিকের রাতের পর তিনি জানালেন, ব্যক্তিগত অর্জনের চেয়েও তার কাছে বেশি মূল্যবান হলো দলের সঙ্গে এ মুহূর্ত ভাগ করে নেওয়া।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘যারা সব সময় পাশে থাকে; আমার পরিবার ও সতীর্থদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়া সত্যিই এক সুন্দর মুহূর্ত। এ দলটি খুবই ঐক্যবদ্ধ, খুব শক্তিশালী একটি গ্রুপ। কঠিন ম্যাচটি জিততে পেরে আমার ভালো লেগেছে। আমরা ভাগ্যবান ছিলাম। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ।’
সমর্থকদের ভালোবাসাও আলাদা করে উল্লেখ করেন তিনি। ঘরের মাঠের মতো সমর্থন দেখে মুগ্ধ মেসি বলেন, ‘আমি সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা আবারও স্টেডিয়াম পূর্ণ করে দেখিয়েছেন আর্জেন্টিনাকে তারা কতটা ভালোবাসেন।’
নিজের বর্তমান ক্যারিয়ার নিয়ে বেশি কিছু ভাবছেন না মেসি। তার আর কিছু জেতার নেই। বর্তমান সময়টা তাই বোনাস হিসেবেই উপভোগ করতে চান। তার ভাষায় সব অর্জনের পর এখনকার সময়টা ‘বোনাস’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমার যা কিছু অভিজ্ঞতা হচ্ছে, সবই বোনাস। আমি সৌভাগ্যবান যে, পেশাগত ও ব্যক্তিগত জীবনে আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি অথবা স্বপ্নের চেয়েও বেশি অর্জন করেছি।’
মেসির এই পারফরম্যান্সে মুগ্ধ কোচ লিওনেল স্কালোনিও। তার ভাষায়, ‘মেসিকে বর্ণনা করার মতো শব্দ আমার নেই। ২০ বছর ধরে সে আমাদের এমন সব জিনিস দেখিয়ে অভ্যস্ত করে ফেলেছে, যা সবাইকে অনুপ্রাণিত করে।’
হ্যাটট্রিকের ঝলক, দর্শকদের উচ্ছ্বাস আর ড্রেসিংরুমের ঐক্যÑসব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি আবারও প্রমাণ করেছে মেসির গল্প এখনো শেষ হয়নি, বরং আরো নতুন অধ্যায় লিখতে প্রস্তুত আর্জেন্টাইন তারকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

