বিশ্বকাপ ফুটবলের ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেল আলজেরিয়া। লিওনেল মেসির রেকর্ডগড়া হ্যাটট্রিকে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে কোচ ভ্লাদিমির পেতকোভিচের দল। ম্যাচের আগে মেসিকে আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা নেই বলে হুঙ্কার দিলেও, মাঠের বাস্তবতায় আলজেরীয় কোচকে পুড়তে হলো চরম হতাশায়।
ম্যাচের আগে পেতকোভিচ বলেছিলেন, 'আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।' তবে মাঠের লড়াইয়ে আলজেরিয়ার এই রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে একাই ম্যাচ ছিনিয়ে নেন মেসি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলজেরিয়ার কোচ নিজের আক্ষেপ লুকাতে পারেননি। হারের পেছনে নিজেদের রক্ষণভাগের ভুলকেই বড় করে দেখছেন তিনি। পেতকোভিচ বলেন, 'দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি। তবে ম্যাচের যেকোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যেকোনো কঠিন কাজকে খুব সহজে রূপ দিতে পারেন।'
নিজের খেলোয়াড়দের কাঠগড়ায় না তুললেও দলের দুর্বলতা নিয়ে কোচ বলেন, 'নির্দিষ্ট কাউকে দোষ দেব না, তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের অবলীলায় শট নেওয়ার সুযোগ দিয়ে আমরা বড় ভুল করেছি। এই হারের জন্য আমরা নিজেরাই দায়ী।'
আর্জেন্টিনা দলের একতাবদ্ধ খেলার প্রশংসা করে তিনি আরও যোগ করেন, আর্জেন্টিনা দল মাঠে মেসির জন্য জানপ্রাণ দিয়ে লড়ে। পরিসংখ্যানও কোচের কথারই প্রতিধ্বনি করছে; ম্যাচে আর্জেন্টিনার নেওয়া ১০টি শটের ৭টিই ছিল মেসির।
প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গেলেও টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি আলজেরিয়ার। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আগামী ২২ জুন জর্ডান এবং ২৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

