২০১৮ সালের কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনা নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে বিতর্ক যেন নতুন করে ডালপালা মেলছে। উসমান খাজার দাবি, সেই কাণ্ড সম্পর্কে দলের সবাই আগে থেকেই জানতেন। ডেভিড ওয়ার্নারও তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন। এবার খাজার পাশে দাঁড়ালেন ওই সিরিজে অস্ট্রেলিয়া দলে থাকা পেসার চ্যাড সেয়ার্স। তাঁর বিশ্বাস, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সেয়ার্স বলেন, ‘আমার বিশ্বাস, ওই দলের সবাই জানত কী ঘটছিল এবং কী ব্যবহার করা হচ্ছিল। গণমাধ্যমে হয়তো আমাকে উসমানের পক্ষ নেওয়া ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। কিন্তু আমি নিরপেক্ষ। নিজের দেখা ঘটনা এবং আমার বিশ্বাস অনুযায়ী কী ঘটেছিল, সেটাই তুলে ধরছি।’
স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি কখন জানতে পেরেছিলেন, এমন প্রশ্নে সেয়ার্স জানান, পোর্ট এলিজাবেথ টেস্টের সময় বিষয়টি তাঁর কানে আসে। তাঁর ভাষ্য, দুটি টেস্টেই স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। ড্রেসিংরুমে বল রিভার্স সুইং করানোর উপায় এবং সে জন্য কী ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা চলছিল। সেয়ার্স বলেন, ‘আমি শুধু জানতাম, এটি ব্যবহার করা হবে। আমার বিশ্বাস, অন্যরাও তা জানত।’
কেপটাউন টেস্টের পর বিষয়টি নিয়ে দলের মধ্যে দীর্ঘ আলোচনাও হয়েছিল বলে দাবি করেছেন এই পেসার। তাঁর ভাষ্য, খেলোয়াড়েরা সম্মিলিতভাবে দায় নেওয়ার বিষয়ে ৬০ থেকে ৯০ মিনিট আলোচনা করেছিলেন।
ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যও সামনে এনেছেন সেয়ার্স। তাঁর দাবি, বল বিকৃতিতে ব্যবহৃত স্যান্ডপেপারটি মাঠের বাইরে নেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত তাঁর ওপরই পড়ে। পরিকল্পনা ছিল, ক্যামেরন ব্যানক্রফট সেটি মাঠে নিয়ে যাবেন। আম্পায়াররা বল পরীক্ষা করতে গিয়ে সেটি মাটিতে রাখলে ব্যানক্রফট নিজের কাজ চালিয়ে যাবেন। পরে স্যান্ডপেপারটি সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় সেয়ার্সকে। তবে সেটি আগে থেকে তাঁর জন্য নির্ধারিত কোনো পরিকল্পনা ছিল না বলেও জানান তিনি। তখন মাঠে পানীয় নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন সেয়ার্স।
কিন্তু দক্ষিণ আফ্রিকার সম্প্রচারমাধ্যমের ক্যামেরায় ব্যানক্রফটের সন্দেহজনক আচরণ ধরা পড়ায় পরিস্থিতি জটিল হয়ে যায়। ক্যামেরার নজর এড়াতে ব্যানক্রফট স্যান্ডপেপারটি নিজের অন্তর্বাসে লুকিয়ে ফেলেন। পরে আম্পায়ারদের সামনে সানগ্লাস মোছার কাপড় বের করে দেখান। শেষ পর্যন্ত ঘটনা প্রকাশ্যে এলে শাস্তির মুখে পড়েন ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
সম্প্রতি নিজের আত্মজীবনী ‘সবর’-এ স্যান্ডপেপার-কাণ্ডের নানা দিক তুলে ধরেছেন খাজা। তাঁর বক্তব্যের সঙ্গে একমত ওয়ার্নারও। তবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স খাজার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে কামিন্স দাবি করেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি দলের অন্যদের জানা ছিল—এমন বক্তব্য ‘শতভাগ ভুল’। আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন বলেও জানান। তাঁর মতে, খাজার মন্তব্য তাঁর নিজের, অন্যদের এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করছে।
কামিন্সের বক্তব্যের পর ওয়ার্নার আবারও খাজার পাশে দাঁড়ান। তাঁর অভিযোগ, নিজেকে বাঁচাতেই খাজাকে দোষারোপ করছেন কামিন্স। সত্য সামনে না আসা পর্যন্ত এ বিতর্ক মেনে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

