২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে নেপাল। ২০২৬ সালের ১২ জানুয়ারি শুরু হয়ে বাছাইয়ের লড়াই চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের সময়সূচি পরে ঘোষণা করা হবে।
বাছাইপর্বে অংশগ্রহণ করবে ১০টি দল। এর মধ্যে মাত্র ৪টি দল ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০তম আসরে অংশ নেবে। ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্ব খেলবে। এরপর হবে সুপার সিক্স পর্ব ও ফাইনাল। সম্পূর্ণ সূচি পরে ঘোষণা করা হবে।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুবাদে ইতোমধ্যেই বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের মাধ্যমে নেপাল ও থাইল্যান্ড এবং আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রও বাছাইপর্বে কোয়ালিফাই করেছে।
বাকি পাঁচটি দল নির্ধারিত হবে বিভিন্ন আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে দুটি করে চারটি দল ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি দল নিয়ে মোট ৫টি দল সুযোগ পাবে বিশ্বকাপে।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হবে ২০২৬ সালের ১২ জুন। ৫ জুলাই হবে ফাইনাল। ৭টি ভেন্যুতে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

