সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বিভাগের ক্লাব রিমাল আল সাহরা এসসিতে যোগ দিয়েছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আমিরাত ক্লাবে রঙিন অভিষেক হয়েছে এই তরুণের। গত মঙ্গলবার ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজদ এফসির বিপক্ষে রিমাল আল সাহরার হয়ে অভিষেক ম্যাচ খেলেন জায়ান।
দুদলের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জিতেছে মাজদ এফসি। হারলেও ম্যাচে দারুণ খেলেছেন এই লেফট ব্যাক। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান।
যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠেন জায়ান। তার বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার। বাবার আগ্রহে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলে নজর কাড়েন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ। এরপর গত জুনে ঢাকায় ট্রায়াল দিতে আসেন। বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব-২৩ দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলেও ডাক পান জায়ান।
পরে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অভিষেক হয় তার। এরপর আরো দুটি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। গতি ও স্কিলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন জায়ান। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যাচ্ছেন এই প্রবাসী ফুটবলার। সম্প্রতি কানাডায় ট্রায়ালে গিয়েছিলেন জায়ান। সেই সময় তার পারফরম্যান্স প্রোফাইল ও ম্যাচ ফুটেজ বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো হয়।
সবদিক বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত গন্তব্য হিসেবে আরব আমিরাতের ক্লাবকে বেছে নিলেন জায়ান। ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয় আমিরাতে রিমাল আল সাহরা ক্লাব। অল্প সময়েই নজর কাড়তে সক্ষম হয়েছে ক্লাবটি। বর্তমানে ইউএই তৃতীয় বিভাগ লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ওই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলবে জায়ানের দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

